ইনফান্তিনো জেতায় অবাক সালাউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্স আলীর ভোটই সব নির্ধারণ করে দিয়েছে। নইলে ভোটের ফল এমন হতো না।
প্রিন্স আলীর ভোটই সব নির্ধারণ করে দিয়েছে। নইলে ভোটের ফল এমন হতো না।

লড়াইটা হয়ে দাঁড়িয়েছিল ইউরোপ আর এশিয়ার। কিন্তু শেষ পর্যন্ত ভোটের রাজনীতিতে হেরে গেছে এশিয়া। ফিফার নতুন সভাপতি পদে নির্বাচিত হয়ে বিশ্ব ফুটবলের সর্বময় কর্তা এখন উয়েফার সাবেক মহাসচিব জিয়ান্নি ইনফান্তিনো। তবে বাংলাদেশসহ এশিয়ার বড় একটা অংশ চেয়েছিল বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফাকে। সেটিই স্বাভাবিক, শেখ সালমান যে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতিও।
এশিয়া ও আফ্রিকার সমর্থন পেয়েও কেন হেরে গেলেন সালমান? জুরিখে গত ২৬ ফেব্রুয়ারি ফিফার নির্বাচন শেষে দেশে ফিরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ভোটের অঙ্কটা মেলানোর চেষ্টা করলেন। তাঁর চোখে সমস্যাটা হয়েছে, এশিয়ার চারটি অঞ্চলের মধ্যে সুদৃঢ় জোট গড়ে না ওঠা। তিনটি অঞ্চল এক থাকলেও সালমানের পেছনে ছিল না পশ্চিম এশিয়া। ওই অঞ্চলের প্রভাবশালী সংগঠক জর্ডানের প্রিন্স আলী আবার প্রার্থী ছিলেন ফিফার এই সভাপতি নির্বাচনে। এটাই আসলে ভোটের ফল নির্ধারণ করে দিয়েছে।

প্রিন্স আলীর সমর্থন যে সালমান পাবেন না, এমন আভাস ছিল আগেই। তাই সে অর্থে এটা কোনো চমক নয়। দুইয়ে দুইয়ে চার মিলে দ্বিতীয় পর্বে প্রিন্স আলীর ২৭টি ভোটই যায় ইনফান্তিনোর বক্সে। এটিকে শুধু ভোটের ফলনির্ধারকই বলছেন না সালাউদ্দিন, তিনি যে খুব অবাকও হয়েছেন, বললেন সেটিও।

সালাউদ্দিন বলছেন, ‘প্রিন্স আলীর ভোটই সব নির্ধারণ করে দিয়েছে। নইলে ভোটের ফল এমন হতো না। দ্বিতীয় পর্বে দেখা গেল, আমেরিকার সমর্থিত প্রার্থী জেরোম শ্যাম্পেনের ৩টি ভোট দ্বিতীয় পর্বে সালমানের বাক্সে এসেছে, ফলে তাঁর ভোট ৮৫ থেকে বেড়ে দাঁড়ায় ৮৮। কিন্তু প্রিন্স আলীর সব ভোট যোগ হওয়ায় বাজিমাত করেছেন ইনফান্তিনো।’

ইনফান্তিনো ফিফা সভাপতি হয়ে যাওয়াটা বড় একটা চমকই। কারণ প্রশাসক হিসেবে এমন কোনো বড় নাম ছিলেন না তিনি। সালাউদ্দিনও তা মনে করিয়ে দিলেন, ‘বাংলাদেশ তো বটেই, গোটা এশিয়াতেই ইনফান্তিনো পরিচিত নন। তাঁর সঙ্গে আমার আগে কখনো যোগাযোগই হয়নি। হ​েবই বা কীভাবে, তিনি তো উয়েফাতে ছিলেন। গত পাঁচ-সাত বছরে উয়েফার সভাপতি মিশেল প্লাতিনিরই চলাফেরা ছিল বিশ্ব ফুটবলে। তাঁর সঙ্গেই আমাদের যোগাযোগ হতো। ইনফান্তিনোকে এশিয়ার ৯০ শতাংশ লোক এই প্রথম দেখেছে।’

তবে নির্বাচিত হওয়ার পর নতুন সভাপতিকে তাৎক্ষণিক শুভেচ্ছা জানাতে ভোলেননি সালাউদ্দিন। ওই সময়টা তাঁর কাছে হয়ে আছে অন্য রকম, ‘ভোটের রাজনীতি আসলে কী, সেটা ওখানে না থাকলে বোঝা কঠিন। দ্বিতীয় পর্বে দেখলাম, হঠাৎ সব বদলে গেছে। অনেক কোলাহল, অনেক ভোটার। ইনফান্তিনো নির্বাচিত হওয়ার পর তাঁর সঙ্গে করমর্দন করলাম, শুভেচ্ছা জানলাম, ব্যস এটুকুই।’ এরপর অবশ্য আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির সাফল্য কামনা করে তাঁকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাংলাদেশের মতো ফুটবলের তৃতীয় বিশ্বের প্রতিনিধির কাছে বিদায়ী ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার পরিচিত ছিলেন ‘গরিবের বন্ধু’ হিসেবে। ইনফান্তিনো কি তা হতে পারবেন? ভোটের প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলে তো তেমনটাই হওয়ার কথা। নির্বাচিত হলে প্রতিটি দেশকে চার বছরে ৪৫ লাখ ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অঙ্কটা ফিফার বর্তমান অনুদানের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি। ২০০০ সাল থেকে সদস্যদেশগুলোকে বছরে আড়াই লাখ ডলার করে দিচ্ছে ফিফা। চার বছরে অঙ্কটা দাঁড়ায় ১০ লাখ ডলার। এখন এক লাফে তা ৪৫ লাখ ইউরোতে (প্রায় ৫০ লাখ ডলার) হয়ে যাওয়া মানে বাংলাদেশের মতো দেশের জন্য বিরাট সুখবরই।

সালাউদ্দিন তাই চান নতুন সভাপতির প্রতিশ্রুতি পূরণ, ‘শুধু ভোটের প্রচারণায় নয়, সব দেশকে আর্থিক অনুদান বাড়ানোর কথা নির্বাচিত হওয়ার পর বক্তৃতায়ও বলেছেন নতুন সভাপতি। তিনি প্রতিশ্রুতি রাখলে তো ভালোই। অবশ্যই চাইব, নতুন সভাপতি প্রতিশ্রুতি রাখবেন। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবেন বলেছেন। আশা করি, সেটাও তিনি করবেন। আমরা সে আশায় থাকতে চাই।’