ইনফান্তিনোর জন্য ব্ল্যাটারের দুঃখ
এই সেপ ব্ল্যাটারই একসময় বলেছিলেন, ফিফাকে এগিয়ে নেওয়ার জন্য জিয়ান্নি ইনফান্তিনোই সবচেয়ে যোগ্য ব্যক্তি। বলেছিলেন এই বছরের ফেব্রুয়ারিতেই, ইনফান্তিনো তখন ফিফার নতুন সভাপতি হিসেবে মাত্রই দায়িত্ব নিয়েছেন। বছর না ঘুরতেই ফিফার বর্তমান সভাপতি সম্পর্কে সাবেক সভাপতির ধারণা একেবারে বদলে গেল। এখন ব্ল্যাটার বলছেন, ইনফান্তিনোর নাকি তাঁর প্রতি কোনো শ্রদ্ধাবোধই নেই!
এমনিতেও সময়টা ভালো যাচ্ছে না ব্ল্যাটারের। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় নৈতিকতা কমিটি তাঁকে ছয় বছরের যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটি বহাল রেখেছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতও (সিএএস)। হয়তো আশা করেছিলেন, এই দুঃসময়ে উত্তরসূরির কাছ থেকে কিছুটা মানসিক সমর্থন হলেও পাবেন। সেটা না পাওয়ায় বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে হতাশাই ঝরল ব্ল্যাটারের কণ্ঠে, ‘আমি অন্য কোনো প্রতিষ্ঠানে কখনো দেখিনি যে নতুন সভাপতি সাবেক সভাপতিকে কোনো শ্রদ্ধা দেখাচ্ছে না।’ ব্ল্যাটারের দাবি, একসময় ইনফান্তিনোর সঙ্গে তাঁর সুসম্পর্কই ছিল। দুজনে ব্ল্যাটারের বাড়িতে বসে ফিফার উন্নতির জন্য অনেক আলাপ-সালাপও করেছেন। কিন্তু এখন নাকি ইনফান্তিনো এড়িয়ে চলছেন তাঁকে, ‘আমি তাকে (ইনফান্তিনো) চিঠি লিখেছি, আমার কাছে ওর ব্যক্তিগত নম্বরও আছে। আমি খোঁজ নিয়েছি, এই নম্বরটাই সঠিক। কিন্তু সে আমার ফোনও ধরছে না, একবারও না। আমার বাড়িতে সেই বৈঠকের পর সে আমাকে এড়িয়ে চলছে।’