পুরো তিন দিনও গেল না ডমিনিকা টেস্ট। এর আগেই ফল দেখে ফেলল। তৃতীয় দিনের লাঞ্চের সামান্য পরই অলআউট জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজের জয় ইনিংস ও ৬৫ রানের। সিরিজ জিতল ২-০ ব্যবধানে। এএফপি, ওয়েবসাইট।এই টেস্টের পুরো নিয়ন্ত্রণই ছিল ওয়েস্ট ইন্ডিজের হাতে। ক্রিস গেইলের পর শিবনারায়ণ চন্দরপল। ডমিনিকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পান আরেক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান। ২৮তম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন চন্দরপল। দুই বছর আগে এই ভেন্যুর প্রথম সেঞ্চুরিটি (ভারতের বিপক্ষে) করে ডমিনিকার সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া বাঁহাতি এই প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পেলেন। শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই চন্দরপলের কোনো টেস্ট সেঞ্চুরি নেই। পরশু টেস্টের দ্বিতীয় দিনে ৮৬ রান করেন উইকেটকিপার দিনেশ রামদিনও। ৮ উইকেটে ৩৮১ রান তুলে দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণা করে ম্যাচটাকে নিয়ে যায় জিম্বাবুয়ের নাগালের বাইরে। এর আগে প্রথম ইনিংসে ১৭৫ রানে অলআউট হওয়া জিম্বাবুয়ে ২০৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে কাল। কিন্তু দ্বিতীয় ইনিংসেও সেই পুরোনো চেহারায়। শেন শিলিংফোর্ডের দুর্দান্ত ঘূর্ণিজাদুতেই শেষ জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার সিবান্দা। ১৫ ওভারে ৪ মেডেন দিয়ে ৫ উইকেট নেন শিলিংফোর্ড। এই টেস্টে সব মিলিয়ে ১০ উইকেট পাওয়া এই স্পিনারই ম্যান অব দ্য ম্যাচ। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। ড্যারেন স্যামির দলের এটা টানা ষষ্ঠ জয়।