ইনিংস পরাজয় এড়ানোর লড়াই
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল বাস্তবেই রানের পাহাড় চাপিয়ে দিল বাংলাদেশ ‘এ’ দলের ওপর। আলভিরো পিটারসেন আর হেইনো কুনের পর অধিনায়ক থামি সোলেকিলের সেঞ্চুরির সৌজন্যে ৯ উইকেটে ৬৭৬ রান করে ইনিংস ঘোষণা করেছে তারা, লিড ৩৩০ রানের। কাল তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৮ রান। ইনিংস পরাজয় এড়াতে আজ শেষ দিনে আরও ১৮৩ রান করতে হবে তাদের।আগের দিনের ৫ উইকেটে ৪৩৬ রান নিয়ে খেলতে নেমে কুন-সোলেকিলের জুটিটা কাল বিচ্ছিন্ন হয়েছে লাঞ্চের পর তৃতীয় ওভারে। ডাবল সেঞ্চুরির মাত্র ৯ রান আগে নিজের বলে কুনের (১৯১) ফিরতি ক্যাচ নেন ফরহাদ হোসেন। ষষ্ঠ উইকেটে কুন-সোলেকিলের ২৮৩ রানের জুটিতে সফরকারীদের স্কোর তখন ৬ উইকেটে ৬০৬ রান। তবে এর পর মাত্র ১৪ ওভারের মধ্যেই পড়েছে আরও ৩ উইকেট। কুন ফিরে যাওয়ার দুই ওভার পরই আরেক সেঞ্চুরিয়ান সোলেকিলেকে (১৪০) শামসুর রহমানের ক্যাচ বানিয়েছেন ফয়সাল হোসেন। ১৮৩ রান দিয়ে ফয়সালই নিয়েছেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫ উইকেট।প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি ফয়সালের প্রথম ৫ উইকেট নেওয়ার সাফল্য হলেও বাংলাদেশ ‘এ’ দলের বোলিংয়ের পুরো চিত্রটা এমন নয়। পর পর দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে ক্রিকেটাররা শুধু ক্লান্তই নন, দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকেও যেন কিছুটা দূরে সরে গেছেন। তৃতীয় দিন শেষে তো এক ক্রিকেটার এমনও বললেন, ‘টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোই আমাদের ক্ষতি করেছে। চার দিনের ম্যাচ খেলার আগে আমরা যেখানে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছি, ওরা (দক্ষিণ আফ্রিকা ‘এ’) সেখানে মাত্রই ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট শেষ করল।’বল হাতে সাফল্যের পর এখন ব্যাট হাতেও বাংলাদেশ ‘এ’ দলের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে ফয়সালের ওপর। দিন শেষে ৩৩ রানে অপরাজিত তিনি, সঙ্গে ১৭ রান নিয়ে নাজিমউদ্দিন। তার আগে শাহরিয়ার নাফীস আর শামসুর রহমানের ৯৩ রানের ওপেনিং জুটিতে শুরুটা ভালো হলেও মাত্র তিন ওভারের ব্যবধানেই এলোমেলো হয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। ৮৪ বলে ৫১ রান করে ২৪.২ ওভারে ডিন এলগারের বলে ফিরতি ক্যাচ দিয়ে শাহরিয়ার ফিরে যাওয়ার পর ১ রানের মধ্যেই পড়েছে আরও ২ উইকেট। ওয়ান ডাউনে নেমে পরের ওভারেই শাবালালার বলে বোল্ড ফরহাদ হোসেন, এর পরের ওভারে আরেক ওপেনার শামসুর এলগারের বলে ক্যাচ ফন জিলের হাতে।