ইনিংস পরাজয় এড়িয়েছে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফরের প্রথম টেস্টে ফলো অনের লজ্জা এড়াতে না পারলেও অধিনায়ক অ্যালিস্টার কুক ও ম্যাট প্রিয়রের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ইনিংস পরাজয় এড়াতে পেরেছে ইংল্যান্ড। আহমেদাবাদ টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ৩৪০ রান সংগ্রহ করে আজ চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা। কুক ১৬৮ ও ম্যাট প্রিয়র ৮৪ রান নিয়ে অপরাজিত আছেন।প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর কাল তৃতীয় দিনের শেষ বেলা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে জোর লড়াই চালিয়ে যাচ্ছিলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক ও অভিষিক্ত নিক কম্পটন। আজ চতুর্থ দিনের প্রথম সেশনে অবশ্য সেই লড়াইয়ে বাধা হয়ে দাঁড়িয়েছেন প্রজ্ঞান ওঝা ও জহির খান। এই দুই ভারতীয় বোলারই ফিরিয়েছেন ৩ ইংলিশ ব্যাটসম্যানকে। প্রথমে দিনের সপ্তম ওভারে কম্পটনের উইকেট তুলে নেন জহির খান। কয়েক ওভার পরে টানা দুই ওভারে জনাথন ট্রট ও কেভিন পিটারসেনকে সাজঘরমুখী করেন ওঝা। এরপর ইংলিশ শিবিরে বড় আঘাত হানেন উমেশ যাদব। এক ওভারেই তিনি আউট করেন ইয়ান বেল ও সামিত পাটেলকে। ১৯৯ রানেই ৫ উইকেট হারিয়ে চাপের মুখে পড়লেও ষষ্ঠ উইকেটে ১৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের বাকিটা সময় নির্বিঘ্নেই পার করেছেন অ্যালিস্টার কুক ও ম্যাট প্রিয়র।