ইনিংস পরাজয়ের আশঙ্কায় অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডিলেড টেস্টের মতো মেলবোর্ন টেস্টেও ইনিংস পরাজয়ের আশঙ্কায় দুলছে অস্ট্রেলিয়া। আজ তৃতীয় দিনে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করেছে ৫১৩ রানে। ৪১৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে মাত্র ১৫৮ রানেই ছয়টি উইকেট হারিয়েছে পন্টিং বাহিনী। বরাবরের মতো এবারও ব্যর্থ হয়েছেন রিকি পন্টিং। বেশ কিছুক্ষণ উইকেটে টিকে থাকলেও শেষ রক্ষা করতে পারেননি অসি অধিনায়ক। ৭৩ বল খেলে মাত্র ২০ রান করেই ব্রেসনানের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন সাজঘরে। প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ হয়েছেন সিরিজে অস্ট্রেলিয়ার প্রধান ভরসার প্রতীক মাইক হাসি। ব্রেসনানের শিকারে পরিণত হয়ে ফিরে গেছেন রানের খাতা না খুলেই। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছয় উইকেটে ১৬৯ রান। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের প্রয়োজন আরও ২৪৬ রান। ব্রাড হাডিন ১১ ও মিচেল জনসন ছয় রান নিয়ে অপরাজিত আছেন। ইনিংসের শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিল অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৫৩ রান যোগ করে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন ফিলিপ হিউজ আর শেন ওয়াটসন। ইনিংসের ১২তম ওভারে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন ফিলিপ হিউজ। দলীয় ৯৯ রানের মাথায় ক্যারিয়ারের ১৫তম অর্ধশতক পূর্ণ করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন আরেক ওপেনার শেন ওয়াটসন। কিছুক্ষণ পর টানা দুই ওভারে পন্টিং আর হাসিকে আউট করে অস্ট্রেলিয়াকে চাপের মুখে ফেলে দেন স্টিভেন ফিনের জায়গায় দলে সুযোগ পাওয়া টিম ব্রেসনান। পঞ্চম উইকেট জুটিতে বেশ কিছুক্ষণ উইকেটে ছিলেন মাইকেল ক্লার্ক আর স্টিভেন স্মিথ। কিন্তু বড় কোনো পার্টনারশিপ গড়ে তুলতে পারেননি তাঁরা। ১৫ ওভার ব্যাট করার পর এই জুটি থেকে এসেছে মাত্র ৩০ রান। ব্যক্তিগত ১৩ রান করে গ্রায়েম সোয়ানের শিকারে পরিণত হয়েছেন মাইকেল ক্লার্ক। আট ওভার পর অস্ট্রেলীয় সমর্থকদের হতাশায় ডুবিয়ে অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন স্মিথ (৩৮)।এর আগে ৪৪৪ রান নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। আজ দুই অসি পেসার পিটার সিডল আর বেন হিলফিনহিউসের অসাধারণ বোলিংয়ে মাত্র ৬৯ রান যোগ করতেই বাকি পাঁচটি উইকেট হারিয়েছে সফরকারীরা। আগের দিনে ৭৫ রান নিয়ে অপরাজিত থাকা ম্যাট প্রিয়র আউট হয়েছেন ৮৫ রান করে। জনাথন ট্রটকে অবশ্য শেষ পর্যন্ত আউট করতে পারেনি অস্ট্রেলিয়া। ১৬৮ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন এ ডানহাতি ব্যাটসম্যান।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)—৯৮ইংল্যান্ড (প্রথম ইনিংস)—৫১৩; জনাথন ট্রট-১৬৮*, ম্যাট প্রিয়র-৮৬; পিটার সিডল-৩৩.১-১০-৭৫-৬অস্ট্রেলিয়া (দ্বিতীয় ইনিংস)—১৬৯/৬ (৬৬ ওভার); শেন ওয়াটসন ৫৪, স্টিভেন স্মিথ ৩৮; টিম ব্রেসনান ১৫-৭-২৬-৩। তথ্যসূত্র: ক্রিকইনফো, রয়টার্স।