ইনিংস পরাজয়ের শঙ্কায় অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু অ্যাশেজ জয় নয়, এবার যেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় এসেছে তাদের লজ্জায় ডোবানোর মিশন নিয়ে। অ্যাশেজ ধরে রাখার কীর্তিটা তারা সম্পন্ন করেছে মেলবোর্ন টেস্টেই। এবার শেষ টেস্ট অস্ট্রেলিয়াকে আরও একবার ইনিংস পরাজয়ের লজ্জা দিয়ে ৩-১-এ সিরিজ জেতার পথেও অনেকখানিই এগিয়ে গেছে স্ট্রাউস বাহিনী। ইনিংস পরাজয় এড়াতে এখনো ১৫১ রান দরকার অসিদের। হাতে আছে মাত্র তিন উইকেট। ৩৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আজ চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ সাত উইকেটে ২১৩ রান। পিটার সিডল ১৭ ও স্টিভেন স্মিথ ২৪ রান নিয়ে ব্যাট করছেন।এর আগে আজ সিডনি টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার জন্য চরম হতাশাজনক একটা রেকর্ডও করে ফেলেছে স্ট্রাউস বাহিনী। অ্যালিস্টার কুক, ইয়ান বেলের পর ম্যাট প্রিয়রের প্রথম অ্যাশেজ সেঞ্চুরির সুবাদে আগের দিনের ৪৮৮ রানটাকে তারা টেনে নিয়ে গেছে ৬৪৪ রান পর্যন্ত। যা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে করা ইংল্যান্ডের সবচেয়ে বড় স্কোর। ১৯২৮-২৯ মৌসুমে এই সিডনিতেই আট উইকেটে ৬৩৬ রান করে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। সব মিলিয়ে অ্যাশেজ সিরিজে এটি ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে তাদের দুটি বড় স্কোরই ছিল নিজেদের মাটিতে। ১৯৩৮ সালে ওভালে ৯০৩। একই সিরিজে নটিংহামে ৬৫৮।ইংল্যান্ডের এই রানের পাহাড়ে চাপা পড়ে ৩৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শুরুতেই চাপের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। দলীয় ৫২ রানের মধ্যেই ফিরে গেছেন দুই ওপেনার শেন ওয়াটসন ও ফিলিপ হিউজ। ৩৮ রান করে দুর্ভাগ্যের কারণে রান আউটের শিকার হয়েছেন ওয়াটসন। ব্রেসনানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন হিউজ (১৩)। তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন গত কয়েক দিন ধরে অসি গণমাধ্যমের মধ্যমণি উসমান খাজা ও ভারপ্রাপ্ত অধিনায়ক মাইকেল ক্লার্ক। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এঁদের ফিরিয়ে দেন জেমস অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের অন্যতম ভরসার প্রতীক মাইক হাসিও হতাশ করেছেন অস্ট্রেলীয় সমর্থকদের। ফিরে গেছেন মাত্র ১২ রান করে। কিছুক্ষণ পরে এক ওভারেই ব্রাড হাডিন ও মিচেল জনসনকে আউট করে অস্ট্রেলিয়াকে চাপের মুখে ফেলে দিয়েছেন ক্রিস ট্রেমলেট। রয়টার্স।