ইনিংস পরাজয়ের সামনে মিঠুনরা
দ্বিতীয় ইনিংসে কিছুটা উন্নতি হয়েছে জিপি-বিসিবি একাডেমির ব্যাটিংয়ে। তবে ‘কিছুটা’ উন্নতিতে কি আর রানপাহাড়ের চাপ থেকে বের হওয়া যায়! প্রথম চারদিনের ম্যাচে তাই ইনিংস পরাজয় চোখ রাঙাচ্ছে জিপি-বিসিবিকে। প্রথম ইনিংসে ২১৮ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০০ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে মোহাম্মদ মিঠুনের দল। ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন এখনো ১৬৩ রান।প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৩৩ রান নিয়ে দিন শুরু করা জিপি-বিসিবিকে আক্ষরিক অর্থেই শেষ করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা একাডেমির নতুন বলের দুই বোলার। হারডুস ভিলিওন ও ডেন প্যাটারসন—দুজনই নিয়েছেন ৫টি করে উইকেট। ৫১ রান নিয়ে দিন শুরু করা মমিনুলকে ৭৬ রানে বোল্ড করেছেন প্যাটারসন। এরপর লড়াই চালিয়ে গেছেন ৩৩ রান নিয়ে দিন শুরু করা মাহমুদুল হাসান। কিন্তু ৬২ রানে তাঁকে ফেরান ভিলিওন। ৪৭ রানে প্রথম ৫ উইকেট হারানো জিপি-বিসিবি শেষ ৫ উইকেট হারায় ৫১ রানে। মাঝে মমিনুল-মাহমুদুলের ১২০ রানের ষষ্ঠ উইকেট জুটিতেই দুই শ পেরিয়েছে রান।দ্বিতীয় ইনিংসে নতুন বল নেননি, তবে মূল হন্তারক সেই ফাস্ট বোলার ভিলিওনই, এবার নিয়েছেন ৬ উইকেটের ৩টি। ব্যাটিং-অর্ডার বদলে রনি তালুকদারের সঙ্গে ওপেন করেছিলেন অধিনায়ক মিঠুন। তবে লাভ খুব বেশি হয়নি। ৪৩ রানের মধ্যে ফিরে যান মিঠুন ও আসিফ আহমেদ। রনি (৪৮), শুভাগত (৪৭) ও আবারও মমিনুলের (৩৩) ব্যাটে আভাস ছিল প্রতিরোধের, তবে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। অলরাউন্ডার আলাউদ্দিন বাবু ও মাইশুকুরের ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ তবু শেষ দিনে গেছে।সংক্ষিপ্ত স্কোরদ. আফ্রিকা একাডেমি ১ম ইনিংস: ৫৮১। জিপি-বিসিবি ১ম ইনিংস: ৬০ ওভারে ২১৮ (দ্বিতীয় দিন শেষে ১৩১/৫) (মমিনুল ৭৬, মাহমুদুল ৬২, আলাউদ্দিন ১২, শাকের ৭, শুভাশিস ০, আল আমিন ৪; ভিলিওন ৫/৭১, প্যাটারসন ৫/৭৬) ও দ্বিতীয় ইনিংস: ৫২ ওভারে ৬ উইকেটে ২০০ (রনি ৪৮, মিঠুন ১২, আসিফ ১, শুভাগত ৪৭, মমিনুল ৩৩, মাহমুদুল ৬, আলাউদ্দিন ব্যাটিং ২৩, মাইশুকুর ব্যাটিং ২১, ভিলিওন ৩/৩৯, পিয়েট ২/৯৩, স্কোম্যান ১/২৩)।