ইনিংস ব্যবধানে জিতল নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ট্র বোল্টের নেতৃত্বেই মাঠ ছাড়ছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের বড় ব্যবধানে জয়ের নায়কও এই বামহাতি পেসার।
টেন্ট্র বোল্টের নেতৃত্বেই মাঠ ছাড়ছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের বড় ব্যবধানে জয়ের নায়কও এই বামহাতি পেসার।

প্রথম টেস্টটা বৃষ্টির জন্যই জিততে পারেনি নিউজিল্যান্ড। জয়ের খুব কাছাকাছি চলে গেলেও বৃষ্টির বাধায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল কিউইদের। সিরিজের দ্বিতীয় টেস্টেও ছিল বৃষ্টির চোখরাঙানি। ওয়েলিংটনে গতকাল দ্বিতীয় দিনের অনেকটা সময় খেলা বন্ধ ছিল বৃষ্টির কারণে। কিন্তু সেটার সুবিধা নিয়ে এবার আর হার এড়াতে পারেনি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১৯৩ রানের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৫ রানেই গুটিয়ে গেছে ক্যারিবীয়রা। ইনিংস ও ৭৩ রানের বড় ব্যবধানের জয় পেয়েছে নিউজিল্যান্ড।

ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে শুধু আসা-যাওয়াই করেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে প্রথম ইনিংস শুরু করার পর আজ আর দাঁড়াতেই পারেননি তাঁরা। ১৭৫ থেকে ১৯৩, এই ১৮ রান সংগ্রহ করতেই ৬ উইকেট হারিয়েছে ড্যারেন সামির দল। দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজের লোয়ার অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন ট্রেন্ট বোল্ট। পাঁচটি উইকেটই গেছে বাম হাতি এই পেসারের ঝুলিতে। সব মিলিয়ে প্রথম ইনিংসে তিনি নিয়েছেন ছয়টি উইকেট।

২৪৮ রানের ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আরও বেহাল অবস্থার মধ্যে পড়তে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করে শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিলেন দুই ওপেনার ক্রিক এডওয়ার্ড ও কাইরন পাওয়েল। কিন্তু ২৫তম ওভারে প্রথম উইকেটের পতনের পর যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয় ইনিংস। ৯৪ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান গত টেস্টে দ্বিশতক করা ড্যারেন ব্রাভো, এডওয়ার্ড ও মারলন স্যামুয়েলস। শিবনারায়ণ চন্দরপল একাই পড়ে ছিলেন উইকেট আঁকড়ে। কিন্তু তাঁকে সঙ্গ দিয়ে বড় কোনো জুটি গড়েই তুলতে পারেননি অন্য কোনো উইন্ডিজ ব্যাটসম্যান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সফরকারীদের লোয়ার অর্ডারকে ছিন্নভিন্ন করে দিয়েছেন বোল্ট। চন্দরপল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩১ রান করে। প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট নিয়েছেন বোল্ট। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে এই কিউই পেসারের হাতে।