হার ঠেকানোর সর্বোচ্চ চেষ্টাটাই করেছিলেন ইংলিশ ব্যাটসম্যানরা। কিন্তু ডেল স্টেইন ও ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ের সামনে সেই কাজটা আর সম্ভব হয়নি। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৬৩৭ রানের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। ফলে ইনিংস ও ১২ রানের বিশাল ব্যবধানে জয় দিয়েই ইংল্যান্ড সফর শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৫৬ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেছেন ডেল স্টেইন।প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৮৫ রানের জবাবে ৬৩৭ রানের বিশাল সংগ্রহ গড়েছিল দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার জয়ের কাজটা অনেকটাই এগিয়ে রেখেছিলেন হাশিম আমলা, জ্যাক ক্যালিস ও গ্রায়েম স্মিথ। ৩১১ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন আমলা। ক্যালিস ও স্মিথ দুজনেই পেরিয়েছিলেন শতরানের কোটা। আর তাঁদের এই দুর্দান্ত ব্যাটিংয়ের পর আজ বল হাতেও চমত্কার পারফরমেন্স দেখিয়েছেন প্রোটিয়া বোলাররা।৪ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে গতকাল চতুর্থ দিন শেষ করেছিল ইংল্যান্ড। আজ পঞ্চম দিনের সপ্তম ওভারে রবি বোপারার উইকেট তুলে নেন ডেল স্টেইন। ষষ্ঠ উইকেটে ৮৬ রানের জুটি গড়ে বেশ ভালোই লড়াই চালিয়েছিলেন ম্যাট প্রিয়র ও ইয়ান বেল। কিন্তু দলীয় ২০৩ রানের মাথায় এই জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার ইমরান তাহির। ৪০ রান করে ফিরে যান প্রিয়র। আর কয়েক ওভার পরে ইয়ান বেলকেও সাজঘরে পাঠিয়ে দক্ষিণ আফ্রিকার জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন স্টেইন। এরপর টানা দুই ওভারে স্টুয়ার্ট ব্রড ও গ্রায়েম সোয়ানকেও খুব সহজেই সাজঘরমুখী করেন এই ডানহাতি পেসার। আর অ্যান্ডারসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ইংল্যান্ডকে ২৪০ রানেই গুটিয়ে দেন তাহির।