ইনিংস ব্যবধানে হার ওয়েস্ট ইন্ডিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত আরো একটি ইনিংস খেলবে কিনা-সেটাই ছিল কলকাতা টেস্টের সবচেয়ে বড় আগ্রহের বিষয়। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের প্রত্যয়দীপ্ত ব্যাটিং সেই সম্ভাবনা বেশ ভালোমতোই জাগিয়েছিল। লড়াকু ব্যাটিং করে ইনিংস ব্যবধানে হার এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ড্যারেন ব্রাভো ও মারলন স্যামুয়েলস। কিন্তু শেষরক্ষা হয়নি সফরকারীদের। উমেশ যাদব, ও দুই স্পিনার অশ্বিন ও ওঝার ভালো বোলিংয়ে ইনিংস ও ১৫ রানের বিশাল ব্যবধানে জয় দিয়ে টেস্ট সিরিজ জয়ও নিশ্চিত করেছে স্বাগতিক ভারত।গতকাল ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে যখন ১৫৩ রানে অলআউট হয়ে গেল, তখন অনেকেই ভেবেছিলেন, সাড়ে তিন দিনেই শেষ হতে যাচ্ছে কলকাতা টেস্ট। কিন্তু অতি-প্রত্যাশীদের সেই ভাবনাকে প্রায় মিথ্যেই প্রমাণ করে দিচ্ছিলেন বারাথ, এডওয়ার্ডস, ব্রাভো, চন্দরপালরা। ভারতীয় স্পিনারদের ঘূর্ণির বিরুদ্ধে প্রতিরোধের দেওয়াল তুলে কলকাতা টেস্টকে টেনে নিয়ে আসলেন চতুর্থ দিনের অনেকখানি। চতুর্থ দিন সকালে যাদবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন চন্দরপল। এরপর পঞ্চম উইকেটে মারলন স্যামুয়েলসকে সঙ্গে নিয়ে ১৩২ রানের আশা জাগানিয়া জুটি গড়েছিলেন ড্যারেন ব্রাভো। কিন্তু দলীয় ৪০০ রানের কোটা পার করার পরই প্রজ্ঞান ওঝার শিকারে পরিণত হন ব্রাভো। তবে তার আগে ১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলেন এই বামহাতি ব্যাটসম্যান। এরপর আর খুব বেশিক্ষণ পাঁচ ওভার পরে কার্লটন বাফ ও স্যামুয়েলসকে সাজঘরে ফিরিয়ে জয় প্রায় নিশ্চিতই করে ফেলে ভারত। নবম উইকেটে ৪২ রান সংগ্রহ করে ইনিংস পরাজয় এড়ানোর আশা জাগিয়েছিলেন অধিনায়ক ড্যারেন স্যামি ও ফিদেল এডওয়ার্ড। কিন্তু ৪৬৩ রানের মাথায় এক ওভারেই স্যামি ও বিশুকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেন যাদব। ইনিংস ও ১৫ রানের বিশাল ব্যবধানের জয় পায় ভারত। ৮০ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন যাদব। দুইটি করে উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা, প্রজ্ঞান ওঝা ও রবিচন্দ্রন অশ্বিন। তথ্যসূত্র: নিও স্পোর্টস, রয়টার্স, ক্রিকইনফো