ইনিংস ব্যবধানে হার পাকিস্তানের

প্রথম টেস্টে ৭ উইকেটের সহজ জয় পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান। প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যাওয়ার পর আজ পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ৩২৬ রানে। এক দিন বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকা পেয়েছে ইনিংস ও ৯২ রানের বড় ব্যবধানের জয়।
প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানেই অলআউট হওয়ার পরই হারটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল পাকিস্তানের। শুধু ইনিংস ব্যবধানে হার এড়ানোর জন্যই পাকিস্তানকে সংগ্রহ করতে হতো ৪১৮ রান। শেষ পর্যন্ত সেই রানটাও সংগ্রহ করতে পারেনি মিসবাহ-উল-হকের দল।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পক্ষ থেকে প্রতিরোধটা এসেছিল শুধু আসাদ শফিক ও অধিনায়ক মিসবাহর ব্যাট থেকে। পঞ্চম উইকেটে এই দুজনের ১৯৭ রানের জুটিটাই আশা জাগিয়েছিল পাকিস্তান শিবিরে। আজ চতুর্থ দিনে মিসবাহ আউট হওয়ার পর আর কোনো বড় জুটি গড়ে তুলতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। ডিন এলগারের শিকারে পরিণত হওয়ার আগে মিসবাহ করেছেন ৮৮ রান। শফিক অবশ্য শেষ পর্যন্তই চালিয়েছিলেন লড়াইটা। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে এসেছে ১৩০ রানের লড়াকু এক ইনিংস।
প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানের তিনটি উইকেট তুলে নিয়েছেন ইমরান তাহির। তবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ২৩৪ রানের দুর্দান্ত ইনিংসটি খেলে ম্যাচসেরার পুরস্কারটা পেয়েছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ।