ইনিংস ব্যবধানেই হারল নিউজিল্যান্ড
ইনিংস ব্যবধানে হার এড়াতে পারল না নিউজিল্যান্ড। হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিনে কিউইদের ইনিংস ও ১১৫ রানে হারিয়েছে ভারত। এ জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকেরা।নিউজিল্যান্ডের প্রথম ও দ্বিতীয় ইনিংসের মধ্যে দারুণ মিল। দুই ইনিংসেই এসেছে দেড় শর কিছু বেশি রান (১৫৯ ও ১৬৪)। সবচেয়ে বড় মিলটা অন্যখানে। প্রথম ইনিংসে কিউই ব্যাটসম্যানদের ঘাতক ছিলেন দুই ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝা। দ্বিতীয় ইনিংসেও তাঁরাই ঘাতক। দুই ইনিংসেই অশ্বিন ছয়টি এবং ওঝা তিনটি করে উইকেট নিয়েছেন!ভারত সফরে এসে এমন হার নিউজিল্যান্ডের জন্য বিব্রতকরই বটে। হায়দরাবাদ টেস্টের ফল যে এমন হবে, তা স্পষ্ট হয়েছিল খেলার দ্বিতীয় দিনেই। প্রথম ইনিংসে ভারতের করা ৪৩৮ রানের জবাবে শত রান স্পর্শ করার আগেই পাঁচটি উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। ধুঁকে ধুঁকে সেই ইনিংস গিয়ে থামে ১৫৯ রানে। ফলো অনে পড়ে ব্যাট করতে নামা কিউই ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। কেন উইলিয়ামসনের ৫২ ও ব্রেন্ডন ম্যাককালামের ৪২ রানের পরও ১৬৪ রানে ইনিংস শেষ। আগের ইনিংসের চেয়ে ৫ রান বেশি এসেছে—কিউইদের সান্ত্বনা বলতে এটুকুই!সংক্ষিপ্ত স্কোর:ভারত প্রথম ইনিংস: ৪৩৮/১০পূজারা ১৫৯, ধোনি ৭৩প্যাটেল ৪/১০০, বোল্ট ৩/৯৩নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৫৯/১০ফ্রাঙ্কলিন ৪৩*, উইলিয়ামসন ৩২অশ্বিন ৬/৩১, ওঝা ৩/৪৪নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১৬৪/১০উইলিয়ামসন ৫২, ম্যাককালাম ৪২অশ্বিন ৬/৫৪, ওঝা ৩/৪৮সূত্র: রয়টার্স।