ইনিংস হারে পাকিস্তান ‘ধবলধোলাই’
জোহানেসবার্গে ২১১ রানের হার। কেপটাউনে হার ৪ উইকেটে। আজ রোববার সমাপ্ত সেঞ্চুরিয়ন টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ১৮ রানে হেরে গেছে পাকিস্তান। এর মধ্য দিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ‘ধবলধোলাই’ হলো মিসবাহ-উল-হকের দল।প্রথম দুই ম্যাচে হারের পর পাকিস্তানিদের ধবলধোলাই হওয়ার শঙ্কাটা জেগেছিল। সেই শঙ্কা আরও প্রকট হয় সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান মাত্র ১৫৬ রানে গুটিয়ে যাওয়ার পর। একই সঙ্গে জাগে ইনিংস হারের শঙ্কাও। পাকিস্তান দল শেষ পর্যন্ত কোনো শঙ্কাই এড়াতে পারেনি।ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা পাকিস্তান অলআউট হয় ২৩৫ রানে। দুই ইনিংস মিলিয়ে দলটির সংগ্রহ ৩৯১ রান। অন্যদিকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসেই করেছিল ৪০৯ রান।১ উইকেটে ১৪ রান নিয়ে আজ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। লক্ষ্য, অন্তত ইনিংস হারের লজ্জা এড়ানো। কিন্তু প্রথম ইনিংসের ব্যর্থতারই যেন প্রতিফলন ঘটালেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। এর পরিণতি, টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনেই লজ্জাজনক হার।দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৩ রান সংগ্রহ ইমরান ফারহাতের। শরফরাজ আহমেদ করেন ৪০ রান। এ ছাড়া সাঈদ আজমল ৩১ ও আজহার আলী ২৭ রান করেন। পাকিস্তানি ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন ডেল স্টেইন। ৮০ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন দক্ষিণ আফ্রিকান এই ফাস্ট বোলার। দুটি করে উইকেট নেন কেইল অ্যাবট ও রোরি ক্লেইনভেল্ট। সূত্র: ক্রিকইনফো।