ইনিংস হারের লজ্জা অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফরের প্রথম টেস্টে কোনোমতে ইনিংস ব্যবধানে হারের লজ্জা এড়াতে পেরেছে অস্ট্রেলিয়া। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে আর সেই লজ্জা এড়াতে পারেনি সফরকারীরা। দুই ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩১ রানেই গুটিয়ে গেছে মাইকেল ক্লার্ক বাহিনী। এর ফলে হায়দরাবাদ টেস্টের একদিন বাকি থাকতেই ইনিংস ও ১৩৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক ভারত। ২ উইকেটে ৭২ রান নিয়ে আজ হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। আজ স্কোরবোর্ডে মাত্র ৫৮ রান জমা করতেই ৭টি উইকেট হারিয়েছে ক্লার্ক বাহিনী। অশ্বিন আর জাদেজার দুর্দান্ত ঘূর্ণির ফাঁদে পড়ে খুব দ্রুত উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। দিনের দ্বিতীয় ওভারেই আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান শেন ওয়াটসনের উইকেট তুলে নেন ঈশান্ত শর্মা। দলীয় ১০৪ রানের মাথায় অধিনায়ক ক্লার্কও সাজঘরের পথ ধরার পর শুরু হয় অসি ব্যাটসম্যানদের উইকেট-বৃষ্টি। ১০৪ থেকে ১৩০ রানে যাওয়ার পথে একে একে সাজঘরে ফেরেন এড কোয়ান, হেনরিকে, ম্যাক্সওয়েল, সিডল ও ম্যাথু ওয়াডে ও প্যাটিনসন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন কোয়ান।ভারতের পক্ষে দুর্দান্ত বোলিং করে পাঁচটি উইকেট সংগ্রহ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনটি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা।এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২৩৭ ও ভারত ৫০৩ রান করে।