টিম ব্রেসনান দলে থাকলে ইংল্যান্ড টেস্ট হারে না। এই মিথটা শেষ পর্যন্ত ভাঙল। ভেঙে দিল দক্ষিণ আফ্রিকানরা। টেস্ট অভিষেকের ৩ বছর পর, ১৫তম টেস্টে এসেই প্রথম হারের স্বাদ পেলেন ইংলিশ অলরাউন্ডার। ওভালে তাঁর দল হারল লজ্জাজনকভাবে। টেস্ট ক্রিকেটের এক নম্বর দলটিকে ইনিংস ও ১২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ১০২ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকেরা অলআউট হয়েছে ২৪০ রানে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা। দুই বছর পর দেশের মাটিতে হারল ইংল্যান্ড।আগের দিন হাশিম আমলার অপরাজিত ৩১১, জ্যাক ক্যালিসের হার না-মানা ১৮২ ও অধিনায়ক গ্রায়েম স্মিথের ১৩১ রান পাহাড়ে তুলেছিল দক্ষিণ আফ্রিকাকে। চতুর্থ দিনের চা-বিরতির সময় ২ উইকেটে ৬৩৭ রান তুলে ইনিংস ঘোষণা করেন স্মিথ। দক্ষিণ আফ্রিকাকে আবারও ব্যাট করাতে হলে ইংল্যান্ডকে করতে হতো ২৫২ রান।কিন্তু চতুর্থ দিনেই ৪ উইকেটে হারিয়ে ফেলা দলটির কাছে তখন অবশিষ্ট ১৫০ রান তোলাটাই পৃথিবীর কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। কঠিন এই কাজটাই করার চেষ্টা করেছিলেন ইয়ান বেল (৫৫) ও ম্যাট প্রায়র (৪০)। ১১৭ রানে রবি বোপারাকে হারিয়ে ফেলার পর ষষ্ঠ উইকেট এই দুজন তোলেন ৮৬ রান। ২০৩ রানে প্রায়রের বিদায়ের ৭ রান পর প্যাভিলিয়নের পথ ধরেন বেলও। তখনই নিশ্চিত ইংলিশদের হার। দেখার ছিল ইনিংস পরাজয় তারা এড়াতে পারে কি না। এক প্রান্তে ধরে রেখে অপরাজিত ২০ রান করেও তাই প্রথম হারের স্বাদ পেলেন ব্রেসনান। বেল-প্রায়রের জুটি ভেঙেছিলেন ইমরান তাহির। এই লেগ স্পিনার ৬৩ রানে নিয়েছেন ৩ উইকেট। জিমি অ্যান্ডারসনকে এলবিডব্লু করে ইংলিশদের লেজ মুড়িয়েছেন তাহির। তবে প্রোটিয়াদের সফলতম বোলার বিশ্বের এক নম্বর বোলার ডেল স্টেইন। ৫৬ রানে নিয়েছেন ৫ উইকেট তিনি, যেটি তাঁর ক্যারিয়ারে ১৮তম বারের মতো ইনিংসে ৫ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ দক্ষিণ আফ্রিকার প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ন হাশিম আমলাই। ক্রিকইনফো। আগস্টের ২ তারিখ থেকে হেডিংলিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।