ইনিংসেই হারল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট শিশুর মতো লাফালেন ৪০ ছুঁই-ছুঁই শচীন টেন্ডুলকার। রবীন্দ্র জাদেজার কাঁধে হাত রেখে হাসতে হাসতে মাঠ ছাড়লেন ইশান্ত শর্মা। বিরাট কোহলি দৌড়ে গিয়ে একটা স্মারক স্টাম্প এনে দিলেন চেতেশ্বর পূজারাকে। আর হাসিমুখে সতীর্থদের পিঠ চাপড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। যেন সুখী এক পরিবার। ক্রিকেটে সর্বরোগের মহৌষধ আসলে জয়!ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টানা আট টেস্টে হার। ‘ভারতে এলে দেখে নেব’-জাতীয় হুমকি দেওয়ার পর ইংল্যান্ডের কাছে দেশের মাটিতেও হার। ভারতীয় দলটাকে মনে হচ্ছিল ঝড়ে বিধ্বস্ত এক জনপদ। দলে অন্তর্দ্বন্দ্বের নানা গুজব, নেতৃত্ব বদলের ডাক, প্রশ্নবিদ্ধ কোচের ভূমিকা, আরও হাজারো প্রশ্ন। দুটি জয় কেমন বদলে দিল দলের চেহারা! হায়দরাবাদের জয়ে ধোনির দল নিশ্চিত করে ফেলল, অন্তত সিরিজ হারছে না। প্রথম দুই টেস্টে দুই দলের পারফরম্যান্সের পর অবশ্য ভারতের হারের প্রসঙ্গ আলোচনাতেই থাকার কথা নয়। বরং অস্ট্রেলিয়ায় ধবলধোলাই হওয়ার প্রতিশোধ নেওয়ার স্বপ্নটাই এখন ধোনিদের জন্য নিকট-বাস্তব।ম্যাচ পঞ্চম দিনে গড়াবে না, মোটামুটি নিশ্চিতই ছিল। অস্ট্রেলিয়া ইনিংস পরাজয় এড়াতে পারে কি না, শুধু এটাই ছিল দেখার। সেটা তো পারেইনি, উল্টো অস্ট্রেলিয়ান ক্রিকেটকেই বিব্রত করল ক্লার্কের দল। ২ উইকেটে ৭৪ রান নিয়ে দিন শুরু করা দল গুটিয়ে গেল প্রথম সেশনেই! ইনিংস ও ১৩৫ রানে হেরে সিরিজে পিছিয়ে গেল ২-০-তে। ভারতের কাছে না বলে হায়দরাবাদের হারটাকে বলা যায় মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা জুটির কাছে হার। বিজয়-পূজারার সেই ম্যারাথন জুটিতে এসেছে ৩৭০ রান, আর অস্ট্রেলিয়া দুই ইনিংস মিলিয়ে করতে পেরেছে ৩৬৮!অস্ট্রেলিয়া বিপদের ইঙ্গিত পেয়েছিল দিনের শুরুতেই। দিনের তৃতীয় ওভারেই লেগ স্টাম্পের বাইরের নিরীহ এক বলে আউট শেন ওয়াটসন, ধোনির দুর্দান্ত ক্যাচে সিরিজে ইশান্তের প্রথম উইকেট। কাওয়ানকে নিয়ে এরপর ক্লার্কের জুটি যখন জমে উঠছে, জাদেজার ঝুলি থেকে বেরোল ম্যাচের সেরা বল। বাঁহাতি স্পিনারের স্বপ্নের এক বলে বোল্ড ক্লার্ক, অস্ট্রেলিয়ার পতনেরও শুরু। ২৩ রানে শেষ ৭ উইকেট হারিয়ে গুটিয়ে গেল ১৩১ রানে। অশ্বিনের ঝুলিতে আরেকবার ৫ উইকেট, ১৪ টেস্টে অষ্টমবার!ক্লার্কের কাছে দলের পারফরম্যান্স ‘অগ্রহণযোগ্য’, ব্যাটসম্যানদের শট নির্বাচন ‘ভয়াবহ’। পরের টেস্টে চারে উঠে আসার ইঙ্গিত দিয়েছেন, ইঙ্গিত মিলেছে আরও পরিবর্তনের। সপ্তাহ খানেক পর মোহালি টেস্ট। ‘এই মুহূর্তে বিরতিটা মনে হয় ভালোই কাজে লাগবে?’ পুরস্কার বিতরণীতে রবি শাস্ত্রীর প্রশ্ন শুনে যেন দপ করে জ্বলে উঠলেন ক্লার্ক, ‘বিরতি? আমি আপনাকে নিশ্চিত করতে পারি, বিরতিতে কোনো বিশ্রাম হবে না। কঠোর পরিশ্রম করতে হবে। আরাম করে সোফায় বসে থাকলে উন্নতি হবে না।’এই কটা দিন ব্যস্ত সময় কাটবে হয়তো মোহালির কিউরেটরেরও। ভারতের সবচেয়ে পেস ও সুইং-বান্ধব উইকেট মোহালির। সেটাকে ঘষেমেজে স্পিন-স্বর্গ বানাতে হবে তো! সূত্র: স্টার ক্রিকেট, ওয়েবসাইট