ইনিয়েস্তা চান ঘরেই থাকুক পুরস্কার
মেসি-জাভি-ইনিয়েস্তা। গতবার ফিফা-ব্যালন ডি’অরে ছিল বার্সেলোনার এমন জয়জয়কার। চূড়ান্ত মনোনীত তিন ফুটবলারই ছিল স্প্যানিশ ক্লাবটির। এবারও শেষ তিনে লিওনেল মেসি আর জাভি আছেন; তবে আন্দ্রেস ইনিয়েস্তাকে সরিয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অবশ্য বাদ পড়ে ঠিক অখুশি নন ইনিয়েস্তা। কারণ তাঁর আশা, বছরের সেরা ফুটবলারের পুরস্কারটি আবার বার্সেলোনাতেই আসবে!‘সেরা তিন ফুটবলারই চূড়ান্ত তিনের তালিকায় ঠাঁই পেয়েছে। তবে আমার দুজন সতীর্থও আছে। খুব খুশি হব যদি এদের একজন পুরস্কারটি পায়’—বলেছেন বার্সার মাঝমাঠের কান্ডারি।সেই শৈশব থেকে বার্সেলোনার বিখ্যাত ‘খামারবাড়ি’তে খেলে বড় হয়েছেন। তবে ফুটবলে তাঁর ‘পায়েখড়ি’ হয়েছিল জন্মশহর অ্যালবাসেতের ক্লাব অ্যালবাসেতে বালোমপাইয়ে। ফাইনালে গোল করে স্পেনকে বিশ্বকাপ জেতানো ইনিয়েস্তাকে সম্মানিত করা হলো অ্যালবাসেতে স্পোর্টস গালা অনুষ্ঠানে। সেখানেই তিনি কথা বলেছেন ফিফা-ব্যালন ডি’অর নিয়ে। ওয়েবসাইট।