ইনিয়েস্তা নেই, ফিরলেন বেনজেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ী দলের আনন্দের রেশ আর পরাজিতদের হতাশা এত সহজেই কাটার কথা নয়। কিন্তু শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপের পথচলা। বিশ্বজয়ী স্পেন আর হতাশাকে সঙ্গী করে ফেরা ব্রাজিল, আর্জেন্টিনা ও ফ্রান্স; সবাই-ই মাঠে নামবে এ মাসে।যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের দল আগেই দিয়েছেন ব্রাজিলের নতুন কোচ মানো মেনেজেস। আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচ সার্জিও বাতিস্তাও আয়ারল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচের দল দিয়েছেন। ১১ আগস্টের প্রীতি ম্যাচের দল দিয়েছে স্পেন এবং বিশ্বকাপকে লজ্জা দিয়ে ফেরা ফ্রান্সও। স্পেন খেলবে মেক্সিকোর সঙ্গে, আর ফ্রান্সের প্রতিপক্ষ নরওয়ে।স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের জন্য দল দেওয়াটা খুবই সহজ কাজ ছিল। বিশ্বকাপ জেতানো দলটি রেখে দিলেই তো হয়! তিনি প্রায় তাই করেছেন। বেশির ভাগ খেলোয়াড়ই বিশ্বকাপের দলের। নেই শুধু দুজন। আন্দ্রেস ইনিয়েস্তা আর ফার্নান্দো তোরেস। ইনিয়েস্তাকে দেওয়া হয়েছে বিশ্রাম, আর তোরেস ভুগছেন চোটে। এই সুযোগে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ভিয়ারিয়াল মিডফিল্ডার ব্রুনো সরিয়ানো। ফ্রান্স কোচ লরাঁ ব্লাঁর জন্য কাজটা এত সহজ ছিল না। বিশ্বকাপে বিদ্রোহী ২৩ খেলোয়াড়কে বাদ দিয়ে দল গড়েছেন তিনি। ক্রীড়ামন্ত্রীর নিষেধ সত্ত্বেও যৌন কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত করিম বেনজেমাকে দলে নিয়েছেন নতুন কোচ লরাঁ ব্লাঁ। লাসারা দিয়ারা আর তিনিই এখন দলের সিনিয়র খেলোয়াড়। ২৭টি করে ম্যাচ খেলেছেন দুজন। ব্লাঁর ২৩ জনের দলে ১৩ জনেরই আন্তর্জাতিক ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতা নেই। এএফপি।