ইনিয়েস্তাকে মরিনহোর জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে এমন তির ছোড়া হবে আর সেটি চুপচাপ মেনে নেবেন হোসে মরিনহো? তিনি সেই লোকই নন। মরিনহো স্প্যানিশ ফুটবলের ক্ষতি করে গেছেন—বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার এই মন্তব্যের জবাব দিতেও তাই বেশি দেরি করলেন না। সেটি অবশ্যই তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে। ক্ষতি তিনি করেছেন, তবে সেটা নাকি বার্সার একক আধিপত্য গুঁড়িয়ে দিয়ে! আর তাতেই নাকি আঁতে ঘা লেগেছে বার্সেলোনার। তিন বছর রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন। এই সময়টায় রিয়াল-বার্সা দ্বৈরথ জন্ম দিয়েছে মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন বিতর্কিত ঘটনার। ‘এল ক্লাসিকো’র চিরন্তন বৈরিতা কখনো কখনো কদর্য রূপও নিয়েছে। কিছুদিন আগে এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিতর্কিত এসব ঘটনার জন্য তখনকার রিয়াল মাদ্রিদ কোচকে দায়ী করে ইনিয়েস্তা বলেছিলেন, স্প্যানিশ ফুটবলের ক্ষতি করে গেছেন মরিনহো। রিয়াল ছেড়ে চেলসির নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরশু এক সংবাদ সম্মেলনে সেটিরই জবাব দিলেন পর্তুগিজ কোচ, ‘রিয়াল কোচ হিসেবে বার্সেলোনার একক আধিপত্য গুঁড়িয়ে দিয়ে আমি আসলেই স্প্যানিশ ফুটবলের ক্ষতি করেছি।’ কেন ইনিয়েস্তা এমনটি বলেছেন, সেটারও ব্যাখ্যা আছে তাঁর কাছে, ‘তাদের আধিপত্য চলছিল তো চলছিলই। কিন্তু রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে হারিয়ে কাপ ফাইনাল জিতেছে, স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার মাঠে বার্সেলোনাকে হারিয়েছে আর লিগে ১২১ গোল করে ১০০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং আমি তো তাদের আঁতে ঘা দিয়েছিই।’ রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে যা চেয়েছিলেন, সবই নাকি পেয়েছেন মরিনহো। তার সময়ে জেতা তিনটি শিরোপা আর লা লিগার ইতিহাসে এক মৌসুমে (২০১১-১২) সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে ও গোল করে শিরোপা জেতার রেকর্ডটা তুলে ধরেছেন নিজের দাবির স্বপক্ষে। এমনকি রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের সঙ্গে তাঁর দ্বন্দ্ব নিয়ে কথা বলতে গিয়ে যেন আগাম সতর্কবার্তা দিলেন চেলসির ফুটবলারদেরও, ‘আমিই ঠিক করি কে খেলবে আর কে খেলবে না। এটা কোনো খেলোয়াড়ের নামের ভার কিংবা লম্বা ক্যারিয়ার দেখে ঠিক করা হয় না। যদি খেলোয়াড়, সমর্থক কিংবা সংবাদমাধ্যমের কেউ সেটা মেনে নিতে না পারেন, তবে সেটা তাদের সমস্যা।’ এএফপি