ইনিয়েস্তার কৃতজ্ঞতা সতীর্থদের
২০১০ বিশ্বকাপের পর ইউরোপ বা ফিফা বর্ষসেরার পুরস্কার তাঁর হাতে না ওঠায় অনেকেই বিস্মিত হয়েছিলেন। সেই আন্দ্রেস ইনিয়েস্তা এবার যখন ইউরোপ-সেরার ট্রফি হাতে নিলেন, এবারও বিস্মিত অনেকেই। লিওনেল মেসি অতিমানবীয় একটা মৌসুম কাটিয়েছেন গতবার। ৬০ ম্যাচে ৭৩ গোল। ক্রিস্টিয়ানো রোনালদোও তাঁর পিছু ধাওয়া করে অবিশ্বাস্য একটা মৌসুম কাটিয়েছেন। ৫৫ ম্যাচে ৬০ গোল। ব্যালন ডি’অর ফিফা বর্ষসেরার সঙ্গে একীভূত হওয়ার পর গত বছর থেকে চালু করা উয়েফার ইউরোপ-সেরার পুরস্কারটির দৌড়ে এবার এগিয়ে ছিলেন এই দুজনই। কিন্তু পরশু সরাসরি ভোটাভুটিতে মেসি-রোনালদোকে হারিয়ে পুরস্কারটি জিতেছেন ইনিয়েস্তা। ৫৩ জন সাংবাদিকের দেওয়া ভোটের ১৯টি পেয়েছেন বার্সা মিডফিল্ডার। মেসি-রোনালদো পেয়েছেন সমান ১৭টি করে ভোট। গত ইউরোতে তাঁর পারফরম্যান্সই এই ভোটাভুটিকে প্রভাবিত করেছে বলে ধারণা করা হচ্ছে। ইনিয়েস্তা নিজেও এই পুরস্কার পাওয়ার পর কৃতজ্ঞতা জানিয়েছেন সতীর্থদের, ‘এই পুরস্কার পেয়ে নিজেকে খুব সম্মানিত মনে হচ্ছে। এই পুরস্কার আমি আমার বার্সা ও স্পেন দলের সতীর্থদের উৎসর্গ করছি। লিও আর ক্রিস্টিয়ানোর মতো দুই খেলোয়াড়ের পাশে এই মঞ্চে থাকতে পারাটাও আমার জন্য অনেক বড় সম্মানের।’ বলেছেন, ‘স্পেন জাতীয় দল ও বার্সেলোনার সতীর্থদের ছাড়া এই পুরস্কার আমার পক্ষে জেতা সম্ভব হতো না।’অনেকে বিস্মিত হলেও বিস্মিত নন কার্লোস পুয়োল। অভিনন্দন-বার্তায় বার্সা অধিনায়ক বলেছেন যোগ্য হিসেবেই পুরস্কারটি জিতেছেন ইনিয়েস্তা, ‘অভিনন্দন আন্দ্রেস!! এটা তোমার প্রাপ্য।’ইনিয়েস্তা আগামী ফিফা-ব্যালন ডি’অরের লড়াইয়েও অন্যতম প্রতিদ্বন্দ্বী। যদিও ধারণা করা হচ্ছে, সেই পুরস্কারে ইউরোপ ছাড়াও সারা বিশ্বের অধিনায়ক, কোচ ও সাংবাদিকেরা ভোট দেবেন বলে সেখানে তাঁর সুযোগ থাকবে কম। ফিফা বর্ষসেরার লড়াইটা মূলত হবে মেসি-রোনালদোর মধ্যেই। এবার পুরস্কার জিতলে সেটি হবে মেসির টানা চতুর্থ ফিফা বর্ষসেরার পুরস্কার। এএফপি, ওয়েবসাইট।