ইনিয়েস্তার চোখে ‘বিশ্বসেরা’ ভালদেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মুহূর্তে বিশ্বের সেরা গোলরক্ষক ভিক্টর ভালদেস। এ বিশ্বাস বার্সেলোনায় ভালদেসের সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তার।ভালদেসের সঙ্গে বার্সার চুক্তি ২০১৪ সালের জুন মাস পর্যন্ত। গত সপ্তাহে তারকা এই গোলরক্ষক নিশ্চিত করেছেন, স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন না তিনি। ভালদেসের এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন মিডফিল্ডার ইনিয়েস্তা।‘এটা ভিক্টরের (ভালদেস) ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন খেলোয়াড় হিসেবে আমি ওকে হারাতে চাই না। কারণ, আমার কাছে এই মুহূর্তে বিশ্বের সেরা গোলরক্ষক ভিক্টর।’ গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন ইনিয়েস্তা।২৮ বছর বয়সী ইনিয়েস্তা বলেন, ‘ব্যক্তি হিসেবে আমি ওর সিদ্ধান্তকে শ্রদ্ধা ও সমর্থন করি। কারণ, একজন মানুষ নিজেই তার জীবনের কারিগর। ১০ বছর আগে ক্লাবের সঙ্গে যাত্রা শুরু করেছিল ভিক্টর। এই দীর্ঘ পথে ওর কাজ নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।’বার্সার মিডফিল্ডের এই প্রাণভোমরা বলেন, ‘ভিক্টরের সামর্থ্য আর দলে ওর অবদান সবাই দেখেছে। আমি মনে করি, ও বিশ্বের সেরা গোলরক্ষক। ভিক্টর এখন পর্যন্ত বার্সার খেলোয়াড়; আরও প্রায় দেড় বছর এখানে থাকবে। আশা করছি, এ সময়ের মধ্যে নিজেদের গুছিয়ে নিতে পারব আমরা।’ সূত্র: গোল ডটকম।