ইনিয়েস্তার বিয়ে
এত নার্ভাস ইনিয়েস্তার আর কখনোই লাগেনি। পর্তুগালের বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে টাইব্রেকারের ওই স্পট-কিকটি নেওয়ার সময়ও ইনিয়েস্তার বুক এতটা কাঁপেনি। যতটা কাঁপছে জীবনের এক নতুন ঘটনায়। ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা এ সপ্তাহেই নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। বিয়ে করে থিতু হচ্ছেন স্পেনের এই আলোচিত তারকা।বার্তা সংস্থা রয়টার্সে পরিবেশিত সংবাদে অবশ্য ইনিয়েস্তা কাকে বিয়ে করতে যাচ্ছেন, সে সম্পর্কে কিছুই বলা হয়নি। তবে রয়টার্সের সঙ্গে আলাপকালে ইনিয়েস্তা জানিয়েছেন, জীবনের এই নতুন ঘটনার আগে যারপরনাই নার্ভাস তিনি। ইনিয়েস্তার মতে, ‘এটি সত্যিই আমার জীবনের এক বিশেষ ও অন্যরকম দিন।’তিনি স্বীকার করেন, এই বিশেষ দিনটি তাঁকে যথেষ্টই উত্কণ্ঠিত করে তুলেছে। কোনো খেলায় মাঠে নামার আগেও নাকি তিনি এতটা উত্কণ্ঠিত থাকেন না।ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় হতে পেরে দারুণ আনন্দিত ও গর্বিত ইনিয়েস্তা। তিনি বলেন, ‘এই ব্যক্তিগত অর্জনে আমি সত্যিই আনন্দিত। তবে একটি বিষয় বলতে চাই, কোনো খেলোয়াড়ের ব্যক্তিগত নৈপুণ্যই একটি দলের সাফল্যের অনুষঙ্গ নয়। কোনো দলকে সফল হতে হলে সবাইকেই ভালো খেলতে হয়।’ রয়টার্স।