ইনিয়েস্তার মতে রোনালদো ঠিক করেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রিয়ালে সুখী নই’—কথাটা বলে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চারদিক থেকে তাঁর প্রতি সমালোচনার বাণ ধেয়ে আসছে। তবে ঠিক কী কারণে পর্তুগিজ উইঙ্গার গণমাধ্যমের সামনে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন, তা এখনো স্পষ্ট নয়।রোনালদোর ‘অসুখী’ হওয়া নিয়ে নানা গুঞ্জন চলছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, তাঁর ইউরোপ-সেরা হতে না পারা। খবর বেরিয়েছে, ইউরোপের সেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে তিনি ক্লাবের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাননি। রিয়াল অধিনায়ক ইকার ক্যাসিয়াসের ভোটটি নাকি পড়েছিল বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তার বাক্সে। সব মিলিয়ে খুবই মর্মাহত রোনালদো। খবরটা সত্যি-মিথ্যা যা-ই হোক, ইউরোপ-সেরার মুকুট পরা ইনিয়েস্তাও মনে করেন, কাজটা ঠিক করেননি রোনালদো।‘মাঝে মাঝে আমার কাছেও অনেক কিছু অন্যায্য মনে হয়। তবে আমার ব্যক্তিত্ব, সতীর্থদের বা কোচের প্রতি শ্রদ্ধাবোধ অথবা শিক্ষার কারণে সুযোগের অপেক্ষায় থাকি। আমার এটুকু বিশ্বাস আছে, ভবিষ্যতে ভালো দিন আসবেই।’ বলেছেন ইনিয়েস্তা।রোনালদোর সমালোচনা করে বার্সা মিডফিল্ডার বলেন, গণমাধ্যমের কাছে এ ধরনের কথা বলা কখনোই ঠিক নয়। পরিবর্তন আসবেই। ভালো কাজ করলে দিন শেষে প্রতিদান মেলে। একটা বিশেষ পরিস্থিতি নয়, সামগ্রিক দিক ভেবে কথা বলতে হয়।লা লিগায় গ্রানাডার বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো। কিন্তু নিজের গোল উদযাপনের সময় তিনি ছিলেন প্রাণহীন। তাঁর মলিন উদযাপন নিয়ে ম্যাচ শেষে সাংবাদিকদের পর্তুগিজ তারকা বলেন, ‘এর কারণ হতে পারে আমার মন খানিকটা খারাপ। এটাই একমাত্র কারণ। আমি গোল উদযাপন করিনি, কারণ আমি সুখী নই।’ কেন সুখী নন, সেই ব্যাখ্যা অবশ্য রোনালদো দেননি। তবে সেটি রিয়াল কর্তৃপক্ষ জানে মন্তব্য করে রোনালদো বলেন, ‘আমি এর বেশি কিছু বলব না। এখানে যারা কাজ করে তারা জানে, কেন আমি সুখী নই।’ সূত্র: ইএসপিএন।