ইনিয়েস্তার রিকেলমে-মুগ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের খেলার ধরনে কি কিছুটা মিল পাওয়া যায়? হুয়ান রোমান রিকেলমে ও আন্দ্রেস ইনিয়েস্তার সবচেয়ে বড় মিলটা স্পষ্ট। গোল করতে নয়, করাতেই বেশি মনোযোগী দুজন। আরেকটা মিল আছে, দুজনই খেলেছেন বার্সেলোনায়। তবে রিকেলমের বার্সা-অধ্যায় যখন চুকেবুকে যাওয়ার পথে তখনই ইনিয়েস্তার উত্থান। তাই দুজনের যুগলবন্দীটা এক বছরের বেশি স্থায়ী হয়নি। এখন ইনিয়েস্তা আছেন ক্যারিয়ারের মধ্যগগনে, আর ৩৪ বছর বয়সী রিকেলমে এই গ্রীষ্মেই বোকা জুনিয়র্সকে বিদায় জানিয়ে ফুটবল থেকেই হয়তো সরে দাঁড়ানোর কথা ভাবছেন। কিন্তু ইনিয়েস্তা পূর্বসূরির বিদায়টাকে ফুটবলের জন্যই অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন, ‘রিকেলমের মতো একজন বিশ্বমানের খেলোয়াড়ের মাঠে না থাকাটা খুবই দুঃখের। সে যদি অবসরের সিদ্ধান্ত নেয়, ফুটবল তার সেরা খেলোয়াড়দের একজনকেই হারাবে।’ পূর্বসূরিকে স্মরণও করেছেন বিনম্র শ্রদ্ধায়, ‘বার্সেলোনার শুরুর দিকেই তাঁকে পেয়েছিলাম, আমি ভাগ্যবান। অনেকবারই একসঙ্গে অনেকগুলো ম্যাচ খেলেছি। এখন আমি খুশি হয়ে বলতে পারি, আমি তাঁর সতীর্থ ছিলাম। যখন তাঁকে খেলতে দেখেছিলাম বা যখন তাঁর সঙ্গে খেলেছিলাম আমার সবচেয়ে যেটা ভালো লেগেছিল সেটা বলের ওপর তাঁর দুর্দান্ত দখল, পাস—সবকিছুই।’ আর্জেন্টিনার অনেকেই খেলে গেছেন বার্সেলোনায়, তাই আর্জেন্টিনার প্রশংসাই করেছেন, ‘আমার সতীর্থদের কাছে যা শুনলাম ও আমি নিজে দেখলাম তাতে আর্জেন্টাইন চ্যাম্পিয়নশিপে খেলতে পারলে ভালোই হতো। দর্শক, পরিবেশ—সবকিছুর জন্যই।’ তবেও এটা আদতে কথার কথাই, রিকেলমের দেশে কখনো খেলার সম্ভাবনায় জলই ঢেলে দিয়েছেন ‘ডন’ আন্দ্রেস, ‘আমার স্বপ্ন বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করা। এখানে খুব কম বয়সে আমি এসেছিলাম এবং যেখান থেকে শুরু করেছি সেখানে শেষ করতে পারাটা দারুণ হবে।’ ফুটবলই তাঁর জীবনে ধ্রুব সত্য, সারা জীবন সেটাকেই আঁকড়ে থাকতে চান, ‘এখন আমার মাথায় এটা নেই, আমি একদিন কোচ হব। তবে আমি নিশ্চিত আমি ফুটবলের সঙ্গে থাকব, কারণ এটাই আমার জীবন।’জর্জিয়ার বিপক্ষে বাছাইপর্বে খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন ইউরোপের বর্ষসেরা ফুটবলার। ১০ থেকে ১৫ দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। বার্সেলোনার জন্য নিশ্চিত করেই একটা ধাক্কা। আগামীকাল লা লিগায় গেটাফের সঙ্গে ম্যাচ তাদের। আর বুধবারই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্পার্তাক মস্কোর। অবশ্য বার্সেলোনার যে দলীয় শক্তি তাতে ইনিয়েস্তার সাময়িক অনুপস্থিতিতে সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা হয়েছে সেস ফ্যাব্রিগাস নিষপ্রভ হয়ে পড়ায়। নতুন মৌসুমের শুরুর কয়েক সপ্তাহে ফর্ম খুঁজে পেতে লড়ছেন ২০১১ সালে বার্সেলোনায় যোগ দেওয়া আর্সেনালের সাবেক অধিনায়ক। তবে তাঁর কাছে বার্সেলোনার চাওয়াটা কী সেটি তিনি ভালো করেই জানেন, ‘আমি জানি আমার কাছে বার্সার প্রত্যাশাটা কী। আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে জাভি, ইনিয়েস্তা ও মেসির সঙ্গে। তারা হলো বিশ্বের সেরা ফুটবলার। প্রতিটি খেলোয়াড়েরই ভালো এবং খারাপ সময় যায়। তবে আপনাকে আপনার জায়গা পেতে লড়াই করতে হবে। আমি সব সময়ই এটি করে এসেছি এবং করে যাব।’ ওয়েবসাইট।