ইনিয়েস্তার ‘আই ডু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা শার্টের ওপর চাপানো গাঢ় নীল কোর্ট। গলায় লম্বা টাই। সেই আন্দ্রেস ইনিয়েস্তাই। তবে কিছু পার্থক্যও আছে। এই ইনিয়েস্তার বাঁ হাতের অনামিকায় বিয়ের আংটি। আরেকটা পার্থক্য, এই ইনিয়েস্তার পাশে রাজকুমারীর বেশে দাঁড়িয়ে যিনি, তাঁর বর্তমান পরিচয় এখন মিসেস ইনিয়েস্তা! দুজনের হাতে ধরা শ্যাম্পেন। আর এক হতে চাইছে যেন দুজনের ঠোঁটজোড়া।‘অবিশ্বাস্য একটা দিন! মাত্রই বিয়ে করলাম।’ পরশু টুইটারে এভাবেই নিজের বিয়ের কথাটা জানিয়েছিলেন ইনিয়েস্তা। চার বছরের প্রণয়কে পরিণয়ে রূপ দিলেন। স্পেনের আলতাফুল্লায় অনুষ্ঠিত এই বিয়েতে এসেছিলেন তাঁর কাছের বন্ধুরা। এঁদের মধ্যে ছিলেন হবু স্ত্রী আন্তোনেলাকে নিয়ে বাবা হতে চলা লিওনেল মেসি। স্ত্রী-বান্ধবীদের সঙ্গে নিয়ে এসেছিলেন স্যামুয়েল ইতো, জাভি, ইকার ক্যাসিয়াস, জেরার্ড পিকেরাও।২০০৮ থেকে ওর্জিতের সঙ্গে প্রেম করছেন এবারের ইউরোর সেরা খেলোয়াড়। গত বছর এপ্রিলে কন্যাসন্তানের বাবাও হয়েছেন। ফুটবল নিয়ে ব্যস্ততার মধ্যে বিয়েটাই শুধু করা হচ্ছিল না। তবে আগেই ইনিয়েস্তা জানিয়েছিলেন, ইউরোর পরপরই বিয়েটা সেরে ফেলবেন। কথামতো এবার যাজকের সামনে দাঁড়িয়ে সেই আবেগময় শব্দযুগল উচ্চারণ করে ফেললেন—‘আই ডু’। পৃথিবীজুড়ে ইনিয়েস্তার অনুরক্তরা শুভকামনা জানিয়েছেন নবদম্পতিকে। ওয়েবসাইট।