জাদুকরের হ্যাট থেকে বেরিয়ে আসা বিড়ালের মতো বিস্ময়ের ঝুলি নিয়ে ২০০৯ সালে হাজির হয়েছিল বার্সেলোনা। এক বছরে সর্বোচ্চ ছয়টি টুর্নামেন্টে খেলতে পারে ক্লাবগুলো। ওই বছরে ছয়টি শিরোপাই জিতেছিল পেপ গার্দিওলার দল। এ বছর এর চারটি শিরোপাই হাতছাড়া করেছে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির সেই জাদুর ঝুলি যেন চুরি করে নিয়েছিল ইন্টার মিলান।হোসে মরিনহোর ভক্ত আর নিন্দুকের সংখ্যা নাকি সমান। তবে এই দুই পক্ষকেই মানতে হবে, মরিনহো শিরোপা জেতার জাদু জানেন। ইন্টার মিলানের হয়ে সেই জাদু মরিনহো দেখিয়েছেন এ বছর। ৪৫ বছর পর ইতালির ক্লাবটিকে জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগ।টানা পঞ্চম লিগ শিরোপাও জিতেছে ইন্টার। জিতেছে ইতালিয়ান কাপও। এরপরই মরিনহো চলে যান রিয়াল মাদ্রিদে। বার্সার এক বছরে ছয় শিরোপা জেতার কীর্তিতে ইন্টার ভাগ বসাবে কিনা সেই আলোচনা তখন তুঙ্গে।না, ইন্টার পারেনি। উয়েফা সুপার কাপে হেরে হেছে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। তবে বাকি দুটো ট্রফি ইতালিয়ান সুপার কাপ আর ক্লাব বিশ্বকাপ জিতে নিয়েছে রাফা বেনিতেজের ইন্টার। বেনিতেজ অবশ্য ক্লাব কর্তৃপক্ষকে চটিয়ে দেওয়ায় চাকরি হারিয়েছেন ছয় মাসের মাথায়।ক্লাব ফুটবলের মৌসুমটা দুই বছরে আধাআধি করে চলে। এ বছরের জুলাই-আগস্ট থেকে পরের বছরের মে-জুন। ইন্টারের জন্য ২০১০ তাই একই সঙ্গে প্রাপ্তি-অপ্রাপ্তির বছরও। ২০০৯-১০ সালের সাফল্যের সঠিক অনুবাদ যেমন হচ্ছে না ২০১০-১১ চলতি মৌসুমে। ইতালিয়ান লিগে তাদের অবস্থান এখন সাতে।গত বছর আলো ছড়িয়েছে জার্মানির বায়ার্ন মিউনিখও। তাদের লিগ-কাপ দুটো শিরোপার পাশাপাশি বায়ার্ন রানার্সআপ হয়েছে চ্যাম্পিয়নস লিগে। কিন্তু ইন্টারের মতো জৌলুশ হারিয়ে ফেলেছে তারা। চলতি জার্মান লিগে তাদের অবস্থান পাঁচে। শুধু তা-ই নয়, শীর্ষে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের (৪৯ পয়েন্ট) সঙ্গে পয়েন্টের ব্যবধান ১৪।ইংলিশ লিগে এ বছর ম্যানচেস্টার ইউনাইটেডের আধিপত্য খর্ব করেছে চেলসি। আগের তিনবারের চ্যাম্পিয়ন ম্যানইউকে রানার্সআপের সান্ত্বনা দিয়ে শিরোপা জিতেছে কার্লো আনচেলত্তির দল। অবশ্য চূড়ান্ত পয়েন্ট টেবিলে ব্যবধান ছিল মাত্র এক পয়েন্টের। এমন হাড্ডাহাড্ডি লড়াই ছিল ইতালিয়ান আর স্প্যানিশ লিগেও। শিরোপা কে জিতছে সেটি জানতে অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। রিয়াল মাদ্রিদকে আবারও হতাশ করে দিয়ে শিরোপা থেকে গেছে ন্যু ক্যাম্পেই।এ বছরটা ছিল চ্যাম্পিয়নস লিগে ইংলিশ প্রিমিয়ার লিগের আধিপত্য খর্বেরও। ২০০৩-০৯ পর্যন্ত সেমিফাইনালে ছিল ইংলিশ ক্লাবগুলোর প্রতিনিধিত্ব। ২০০৪-০৫ থেকে ফাইনালে অন্তত একটি ইংলিশ দল ছিলই। ২০০৭-০৮ মৌসুমের ফাইনালে তো মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। কিন্তু এ বছর সেমিফাইনালেই কোনো ইংলিশ দলই ঠাঁই করে নিতে পারেনি।শেষ চারে আগেরবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে আক্ষরিক অর্থেই রুখে দেয় ইন্টার, লিওঁকে গুঁড়িয়ে দেয় বায়ার্ন। ডিয়েগো মিলিতোর জোড়া গোলে শিরোপা জেতে ইন্টার।মিলিতোর গোলে ইন্টার শিরোপা জিতেছে লিগ আর কাপেও। যদিও ক্লাব ফুটবলে এ বছরটাও ছিল আরেক আর্জেন্টাইন লিওনেল মেসির। কেবল ২০১০ সালেই ক্লাবের হয়ে ৬০টি গোল করেছেন মেসি!