টানা ৯ ম্যাচ জয়হীন কাটানোর পর গত শুক্রবার জিতেছে ইন্টার মিলান। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে আজ অলিম্পিক মার্শেইয়ের মুখোমুখি ক্লদিও রানিয়েরির দল। ধারণা, এ ম্যাচেই নিশ্চিত হয়ে যাবে ইন্টারের কোচ রানিয়েরির চাকরিটা থাকবে কি থাকবে না!কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে বিষয়টা আঁচ করতে পারছেন ইন্টারের ৬০ বছর বয়সী কোচও। লিগের শিরোপা-দৌড় থেকে অনেক আগেই ছিটকে পড়েছে ইন্টার। নাপোলির কাছে হেরে কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে গেছে কাপের দৌড়ও। চ্যাম্পিয়নস লিগই তাই ইন্টারের একমাত্র আশা-ভরসা। কিন্তু প্রথম লেগে মার্শেইয়ের মাঠ থেকে ১-০ গোলে হেরে আসায় বিপদের শঙ্কা এখানেও।শঙ্কা কাটাতে আজ রানিয়েরির দলকে জিততে হবে অন্তত দুই গোলের ব্যবধানে। ১-০ গোলে জিতলেও আশা থাকবে। সে ক্ষেত্রে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও মীমাংসা না হলে টাইব্রেকার। ম্যাচের আগে রানিয়েরি বলছেন, উন্নতির পথে থাকা ইন্টার ১-০ গোলের ঘাটতিটা পুষিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে না পারলে সেটা হবে লজ্জার।শুক্রবার শিয়েভোর বিপক্ষে জয়ের (২-০) পর রানিয়েরির চোখ ছিল অশ্রুসজল। ইন্টার কোচ আবেগময় আজকের ম্যাচের আগেও, ‘আবেগ হলো সবচেয়ে সুন্দর জিনিস। আমি ইতিবাচক, নেতিবাচক দুই ধরনের আবেগই অনুভব করি। ইতিবাচক আবেগটাই ভালো। আশা করি, মঙ্গলবার মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে সান সিরোর গ্যালারি থাকবে পূর্ণ এবং সমর্থকেরা আমাদের উৎসাহ দেবে। ম্যাচটা সহজ হবে না মোটেও।’শুক্রবারের জয়ের অন্যতম নায়ক মিলিতোও আশাবাদী, ১-০ হারের ঘাটতি পুষিয়ে শেষ আটে পা রাখবে ইন্টার।কঠিন পরীক্ষা বায়ার্ন মিউনিখেরও। প্রথম লেগে ‘পুঁচকে’ বাসেলের কাছে তারাও হেরে এসেছে ১-০ গোলে। কিন্তু বায়ার্নের জন্য অনুপ্রেরণা, এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালটি হবে তাদেরই মাঠে। এটা এক দিক দিয়ে ইয়াপ হেইঙ্কসের দলের জন্য চাপও। নিজেদের মাঠে ফাইনাল, অথচ তার আগেই দর্শক হতে হবে না তো! ইতিহাস, পরিসংখ্যান দুটোই বায়ার্নের পক্ষে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় সর্বশেষ ১২ হোম ম্যাচের ১১টিতেই জিতেছে চারবারের চ্যাম্পিয়নরা।দুঃসময়কেও পেছনে ফেলেছে বায়ার্ন। গত শনিবার লিগে হফেনহেইমকে বায়ার্ন উড়িয়ে দিয়েছে ৭-১ গোলে! ক্ষুধার্ত বায়ার্ন গোল উৎসবের ওই ধারাটা অব্যাহত রাখতে চাইবে আজও। অন্যদিকে ১৭ ম্যাচ অপরাজিত বাসেল। তারাও ৩৩ বছর পর সুইজারল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর। রয়টার্স।