ইন্টার মিলানেই থাকছেন স্নাইডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে ইন্টার মিলানের অবিস্মরণীয় সাফল্যে একটা বড় ভূমিকা ছিল ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নাইডারের। ইন্টার মিলানকে ট্রেবল জেতানোর স্বীকৃতিস্বরূপ পেয়েছেন উয়েফা বর্ষসেরা ক্লাব মিডফিল্ডারের পুরস্কার। কিন্তু বছর ঘুরতে না-ঘুরতেই গুজব উঠেছিল, ইন্টার ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাবেন স্নাইডার। তাঁকে ম্যান ইউতে আনতে ক্লাব কর্তৃপক্ষকে চাপ দিচ্ছিলেন খোদ ওয়েইন রুনিও। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইন্টার মিলানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্নাইডার।ইন্টার মিলানের সঙ্গে স্নাইডারের চুক্তি ছিল ২০১৩ সাল পর্যন্ত। কিন্তু নতুন স্বাক্ষরিত চুক্তিতে ২০১৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়েছেন এই ডাচ মিডফিল্ডার। তাঁর সঙ্গে নতুন এ চুক্তি হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ইন্টার সভাপতি মাসিমো মোরাত্তি বলেছেন, ‘গত মৌসুমে ইন্টার মিলানের একজন অন্যতম প্রধান খেলোয়াড় ছিল স্নাইডার। এ বছর এবং সামনে আরও বেশ কয়েকটি মৌসুমেও সে তাই থাকবে।’গত মৌসুমে ইন্টার মিলানকে ট্রেবল জেতানোর পাশাপাশি বিশ্বকাপে হল্যান্ডের রানার্সআপ হওয়ার পেছনে অগ্রণী ভূমিকা রাখায় ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছেন স্নাইডার। ইন্টার মিলান থেকে এ তালিকায় আছেন—মাইকন, জুলিও সিজার ও স্যামুয়েল ইতো। পুরস্কারটা এঁদের কারও হাতেই উঠবে বলে মনে করছেন মোরাত্তি।—বিবিসি অনলাইন