ইন্টার মিলানের নতুন কোচ রানেইরি
দেড় বছর আগে হোসে মরিনহো ইন্টার মিলান ছেড়ে চলে যাওয়ার পর চতুর্থবারের মতো কোচ বদল করল ইন্টার মিলান। গতকাল জিয়ান পিয়েরো গাসপেরিনিকে বহিষ্কারের ক্লাউদিও রানেইরিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইউরোপের অন্যতম সেরা এই ইতালীয় ক্লাব।এবারের মৌসুমের পাঁচটি ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি ২০১০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ শিরোপাজয়ীরা। ভয়াবহ এই পারফরমেন্সের পর গতকাল বুধবার বহিষ্কার করা হয় জিয়ান পিয়েরো গাসপেরিনিকে। এরপর নতুন কোচ হিসেবে ক্লাউদিও রানেইরির নাম ঘোষণা করেছে ইন্টার মিলান। আজ বৃহস্পতিবার ক্লাবটির ওয়েবসাইটের এক বিবৃতিতে জানানো হয়, ‘ক্লাউদিও রানেইরি এখন আনুষ্ঠানিকভাবে ইন্টারের নতুন কোচ। তাঁর সঙ্গে ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত দুই বছর মেয়াদি চুক্তি করা হয়েছে।’১৯৮৭ সালে ছোট্ট একটি ইতালিয়ান ক্লাবকে দিয়ে নিজের কোচিং-ক্যারিয়ার শুরু করেছিলেন রানেইরি। এরপর ইউরোপজুড়ে অনেক শীর্ষ দলের দায়িত্ব পালন করেছেন তিনি। স্পেনে ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ, ইংল্যান্ডে চেলসি, ইতালিতে জুভেন্টাস ও রোমার কোচ হিসেবে কাজ করেছেন এই অভিজ্ঞ কোচ। তবে এখন পর্যন্ত কোনো লিগ শিরোপা জয়ের স্বাদ পাননি তিনি। এবার ইন্টার মিলানের হয়ে সেই আফসোস তিনি ঘোচাতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়। দায়িত্ব পাওয়ার পরপরই দল গোছানোর পরিকল্পনা শুরু করে দিয়েছেন এই ইতালিয়ান কোচ। ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘ইন্টার মিলান একটা অসাধারণ দল, যদিও তাদের এই মৌসুমের শুরু ভালোভাবে হয়নি। আমাকে এখন সবার সঙ্গে কথা বলে বুঝতে হবে, এর কারণটা কী। দলটাকে আবার জয়ের ধারায় ফেরাতে এখন অনেক কাজ করতে হবে। আমি এখনই কথা দিতে পারব না যে আমরা এই মৌসুমে লিগ শিরোপা জিততে পারব। তবে এই দলের যে অনেক কিছু দেওয়ার আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে।’ রয়টার্স