
‘ডার্বি দ্য ইতালিয়া’ বলা হচ্ছিল ম্যাচটিকে। কিন্তু মাঠে প্রতিদ্বন্দ্বিতার লেশমাত্র দেখা গেল না। ইন্টারকে ৩-১ গোলে হারিয়ে ইতালীয় সিরি ‘আ’য় নিজেদের অবস্থা আরও সুসংহত করল বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।
তুরিনে অনুষ্ঠিত এই ম্যাচে মোটামুটি লড়াইয়ের স্বপ্ন দেখছিল ইন্টার। নিদেনপক্ষে মৌসুমের শুরুতে সান সিরোয় ১-১ গোলে ড্র ম্যাচের পুনরাবৃত্তিই প্রত্যাশা ছিল তাদের। কিন্তু সিরি ‘আ’য় সর্বশেষ পাঁচ ম্যাচে ১৬ গোল করা জুভেরা নিজেদের শ্রেষ্ঠত্ব এই ম্যাচে বজায় রাখল বেশ দারুণভাবেই।
খেলার শুরু থেকেই ইন্টারের ওপর চড়াও হয়ে খেলেছে জুভেন্টাস। শুরুর দিকেই ইন্টাররের গোলমুখের দখল ছিল অ্যান্তোনিও কন্তে বাহিনীর। তবে জুভ গোল পায় ম্যাচের ১৫তম মিনিটে। আন্দ্রেয়া পিরলোর ক্রস থেকে ডাইভিং হেডে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন স্টিফেন লিচস্টেইনার।
এগিয়ে যাওয়ার পর ইন্টারের ওপর চাপ অব্যাহতই রাখে জুভেন্টাস। তাদের দ্বিতীয় গোল পেতে যে দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে এ জন্য ইন্টার ধন্যবাদ দিতে পারে তাদের গোলরক্ষক সামির হ্যানড্যানোভিচকে। তাঁর গোলরক্ষণ ইন্টারকে কয়েকটি গোলের হাত থেকে বাঁচায়।
ম্যাচের ৪৭ মিনিটের সময় জুভেন্টাস ২-০ গোলে এগিয়ে যায়। গোল করেন রক্ষণসেনা জিওর্জিও চিয়েল্লিনি। ৫৫ মিনিটেই ম্যাচের সব উত্তেজনা মোটামুটি শেষ হয়ে যায় আরতুরো ভিদালের গোলে। ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর কিছুটা জ্বলে ওঠার চেষ্টা চালায় ইন্টার। সব হারিয়ে নিঃশেষ হওয়ার পরই দলটি পায় সান্ত্বনার গোল। ৭১ মিনিটে রোলানদো খেলার স্কোর লাইনের চেহারাটাই কেবল কিছুটা ভদ্রোচিত বানাতে পেরেছেন। সূত্র: রয়টার্স।