ইন্টারকে নিয়ে বিপদে বেনিত্তেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ কী হল ইন্টার মিলানের? চ্যাম্পিয়নস লিগ, ইতালীয় সিরি ‘আ’ আর ইতালীয় কাপের বর্তমান চ্যাম্পিয়ন দলটি যেন নিজেদের হারিয়ে খুঁজছে। স্প্যানিশ কোচ রাফায়েল বেনিত্তেজের এবারের ইন্টারের সঙ্গে যেন হোসে মারিনহোর গতবারের ইন্টার মিলানের বিস্তর পার্থক্য। চ্যাম্পিয়নস লিগের গতকালকের খেলায় ওয়ের্ডার ব্রেমেনের কাছে ৩-০ গোলে হেরে এই পার্থক্য যেন সকলকে চোখে আঙ্গুল দিয়েই দেখিয়ে দিয়েছে ইন্টার। কোচ বেনিত্তেজ রয়েছেন মহা সমস্যায়। হোসে মারিনহোর কাছ থেকে দায়িত্ব নিয়েছেন। পুরো মৌসুমেই যে তাঁর সঙ্গে মারিনহোর তুলনা চলতে থাকবে, ব্যাপারটি নিয়ে মানসিকভাবে প্রস্তুতই ছিলেন তিনি। কিন্তু তাই বলে দলের এমন ফল মোটেও প্রত্যাশিত ছিলনা তাঁর কাছে। এই মৌসুমে সাতটি পরাজয়ের কালিমা তাঁর চাকরিকে করেছে কলঙ্কিত। বেনিত্তেজকেও ঠিক দোষ দেওয়া যাচ্ছেনা। ইনজুরি সমস্যা এমন আষ্ঠে পৃষ্ঠে বেধে রেখেছে দলকে, এখনো পর্যন্ত কোনো খেলাতেই পুরো দলকে মাঠে পাননি তিনি। গতবারের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন ডিয়েগো মিলিত্তো খেলতে পারছেন না অনেকদিন ধরেই। আর পেলেও যে তিনি ফর্মে থাকবেন তার কোনো নিশ্চয়তা নেই। আগামী জানুয়ারি মাসে মধ্য মৌসুম দলবদলে একজন নতুন স্ট্রাইকার নেওয়ার দাবি তিনি ইতিমধ্যেই রেখেছেন ক্লাব ম্যানেজমেন্টের কাছে।ব্রেমেনের কাছে পরাজয় অবশ্য চ্যাম্পিয়নস লিগের পরের পর্বে জায়গা করে নিতে অসুবিধার সৃষ্টি করেনি ইন্টারের জন্য। তারপরেও পরাজয় পরাজয়ই, ইন্টার যে বাজে খেলছে, তা প্রমাণিতই সকলের কাছে।ব্রেমেনের কাছে হেরে গেলেও আশা হারাননি কোচ বেনিত্তেজ। সংযুক্ত আরব আমিরাতে বিশ্ব ক্লাব কাপ ফুটবলকে নিয়ে তিনি এই মুহূর্তে ভাবছেন। তিনি মনে করেন বিশ্ব ক্লাব কাপ ফুটবলের মাধ্যমে তাঁর দল আবার ফর্ম ফিরে পাবে। ক্লাব ম্যানেজমেন্টের অবশ্য সম্পূর্ণ আস্থা রয়েছে বেনিত্তেজের ওপর। ক্লাব সভাপতি মোরাত্তি সরাসরিই জানিয়ে দিয়েছেন,‘এই মুহূর্তে কোনো কিছুকেই চাপ হিসেবে নেওয়ার দরকার নেই দলের।’ কোনো কিছুই ঠিক মতো চলছে না বেনিত্তেজের। মোরাত্তির এই অভয় বাণী তাঁর কিছুটা স্বস্তির কারণ হলেও হতে পারে। রয়টার্স।