ইন্টারে মাজ্জারি বেনিতেজ নাপোলিতে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল মৌসুম একেবারেই শেষ পর্যায়ে। ইউরোপীয় ফুটবলের মেতে থাকার কথা এখন দলবদল নিয়েই। তবে শুধু খেলোয়াড়দেরই নয়, কোচদের দলবদলও কম রোমাঞ্চ ছড়াচ্ছে না। এই ধারায় নতুন সংযোজন ওয়ালটার মাজ্জারি। নাপোলিকে এবার দারুণ সাফল্য এনে দিয়ে ইতালিয়ান কোচ যোগ দিচ্ছেন ইন্টার মিলানে। আর নাপোলিতে তাঁর জায়গা নিতে যাচ্ছেন চেলসির অন্তর্বর্তী কোচ রাফায়েল বেনিতেজ।

কোচরা আসলে দুই গোত্রের—এক দল ছাঁটাই হয়েছেন, অন্যরা ছাঁটাই হতে চলেছেন! এ মুহূর্তে কথাটার মর্ম উপলব্ধি করছেন আন্দ্রেয়া স্ত্রামাচ্চিওনি। ইন্টারে বাজে একটা মৌসুমের মূল্য দিতে হয়েছে তাঁকে। এই মৌসুমে সিরি ‘আ’তে শিরোপার লড়াই দূরে থাক, ইউরোপীয় কোনো প্রতিযোগিতাতেই খেলার টিকিট পায়নি ইন্টার। ২০০৫ থেকে টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা এবার ছিল নয়ে।

ইন্টার সভাপতি মাসিমো মোরাত্তি গত পরশু জানিয়েছেন, বরখাস্ত করা হয়েছে কোচ স্ত্রামাচ্চিওনিকে। একই সঙ্গে ঘোষণা করেছেন সামনের মৌসুমেই ইন্টারের দায়িত্বে আসছেন নাপোলিতে দুর্দান্ত একটা বছরের নেপথ্য নায়ক মাজ্জারি। ম্যারাডোনার সময়ের সোনালি সাফল্যের পর এবারই সবচেয়ে ভালো ফল করেছে নাপোলি, সিরি ‘আ’তে হয়েছে দ্বিতীয়।

স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়, নাপোলিতে মাজ্জারির শূন্যতা পূরণ করবেন কে? ইতালির সংবাদমাধ্যম জানিয়েছে, চেলসির অন্তর্বর্তীকালীন কোচ রাফায়েল বেনিতেজই আসছেন নাপোলিতে। নাপোলির সভাপতি অরেলিও ডি লরেন্তিস নাকি নিজের মুখেই নাকি বেনিতেজের নাম উচ্চারণ করেছেন। এএফপি।