ইন্টারেই থেকে গেলেন স্নাইডার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা রিয়াল মাদ্রিদে যাওয়ার চিন্তা ঝেড়ে ফেলে ওয়েসলি স্নাইডার থেকে গেলেন ইন্টার মিলানেই। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে স্নাইডারের চুক্তি ছিল ২০১৩ পর্যন্ত। নতুন করে আরও দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করে ২০১৫ সাল পর্যন্ত ইন্টারের হয়ে গেলেন ডাচ মিডফিল্ডার।গত মৌসুমে ইন্টারকে ইতিহাসে প্রথমবার ‘ট্রেবল’ জেতাতে বড় ভূমিকা ছিল স্নাইডারের। নতুন করে দুই বছরের চুক্তিটাকে বলা যায় তারই পুরস্কার। ‘আজ আমরা ওয়েসলি স্নাইডারের চুক্তিটা বাড়িয়ে ২০১৫ পর্যন্ত করার মতৈক্যে পৌঁছেছি’—ক্লাব ওয়েবসাইটে বলেছেন ইন্টার সভাপতি মাসিমো মোরাত্তি। চুক্তি বাড়ানোর খবর নিশ্চিত করতে গিয়ে ইন্টার সভাপতি আরেকবার প্রশংসায় ভাসালেন স্নাইডারকে, ‘গত মৌসুমে ইন্টারের অপরিহার্য খেলোয়াড় ছিল স্নাইডার। এই বছর এবং আরও অনেক বছরই সে ইন্টারের অপরিহার্য খেলোয়াড় থাকবে।’ ওয়েবসাইট।