ইন্টারের চোখে এখন ছয় শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর এক বছরে ছয়টি শিরোপা জয়ের রেকর্ড গড়েছে বার্সেলোনা। শিরোপা ষষ্ঠক জয়ের হাতছানি এবার ইন্টার মিলানের সামনেও। চ্যাম্পিয়নস লিগ, সিরি ‘আ’ আর ইতালিয়ান কাপ—ট্রেবল জয়ের পর ইন্টার মিলান ইতালিয়ান সুপার কাপও জিতে নিল পরশু। এএস রোমাকে ৩-১ গোলে হারিয়ে জেতা ইতালিয়ান সুপার কাপ তাদের চতুর্থ শিরোপা জয়। এবার উয়েফা সুপার কাপ আর ক্লাব বিশ্বকাপ জিতলেই হাতে এসে যাবে শিরোপা ষষ্ঠক। ইতালিয়ান মৌসুমের সূচনা ম্যাচ সুপার কাপে শুরুতে অবশ্য পিছিয়েই পড়েছিল ইন্টার। ফ্রান্সেসকো টট্টির অসাধারণ এক পাসে ২১ মিনিটে রোমাকে এগিয়ে দিয়েছিলেন জন আর্নে রিসা। ৪২ মিনিটে পানদেভ সমতা আনেন ম্যাচে। এরপর ১০ মিনিটের ব্যবধানে (৭০ ও ৮০ মিনিটে) জোড়া গোল করে দলকে জয় এনে দেন স্যামুয়েল ইতো। পেছন থেকে উঠে এসে ম্যাচ জিততে পারায় খুশি ইন্টার মিলানের নতুন কোচ রাফায়েল বেনিতেজ, ‘আমি খুব খুশি, কারণ পিছিয়ে পড়ার পরও আমরা দৃঢ়তা দেখাতে পেরেছি।’ আর লিড ধরে রাখতে না পারায় খুব বিরক্ত রোমা কোচ ক্লদিও রানিয়েরি, ‘১-০ গোলে এগিয়ে যাওয়ার পর তাদের সমতায় ফেরার গোলটি উপহার দিয়েছি আমরা।’ এএফপি।