ইন্টারের দেয়ালে আটকে গেল বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঙুলের আলতো টোকা। আর সেই টোকাতেই ঝুরঝুর করে ভেঙে পড়ল বার্সেলোনার স্বপ্ন! এই আলতো টোকাটাই শেষ পর্যন্ত সেমিফাইনাল আর ফাইনালের মাঝখানে মহাপ্রাচীর তুলে দিল বার্সেলোনার জন্য।আপনি বার্সা সমর্থক হয়ে থাকলে নিশ্চয়ই এখনো আপনার বুকে বিঁধে আছে ৩৩ মিনিটে ডান দিকে বাঘের ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়া হুলিও সিজারের সেই আলতো টোকাটি। ইন্টার মিলানের দুর্ভেদ্য প্রাচীর ভেঙে নেওয়া মেসির আগুনঝরা যে শটটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হলো ব্রাজিলিয়ান গোলরক্ষকের দুর্দান্ত সেভে। আর সেই টোকাটাই শেষ পর্যন্ত ইন্টার মিলানকে ৩৮ বছর পর তুলে দিল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। মেসির ওই গোলটি হলে ইন্টার নয়, ফাইনালে দেখা যেত বার্সাকেই!প্রথম লেগে ৩-১ গোলে হেরে এসেছিল বলে পরশু ন্যু ক্যাম্পে বার্সাকে জিততে হতো কমপক্ষে ২-০ গোলে। হোসে মরিনহো শুরু থেকেই সাদা একটা রক্ষণদেয়াল গড়ে তুলেছিলেন ইন্টারের ডি-বক্সে। মুহুর্মুহু আক্রমণ করেও সেই দেয়াল ভাঙতে পারেনি বার্সা। এমনকি ৬০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলেও ঠিকই বার্সাকে আটকে দিয়েছে ইন্টার। ৮৪ মিনিটে জেরার্ড পিকের গোলে আশা জেগেছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই ১-০ গোলে জিতেও কাঁদল ন্যু ক্যাম্প। আর হেরে গিয়েও উত্সবে মাতোয়ারা ইন্টার। ম্যাচ শেষের বাঁশি বাজার পর পরই তর্জনী উঁচিয়ে যেভাবে মাঠ দাপালেন মরিনহো, বোঝাই গেল, বার্সার পাশাপাশি চেলসিকেও যেন একটা পাল্টা জবাব দিলেন তাঁকে অবজ্ঞার। যদিও এখনো শিরোপা জেতা হয়নি। সেই মীমাংসা হবে ২২ মে, রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু এবারের ফাইনালের আয়োজক। সেখানে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।ইন্টার নেতিবাচক ফুটবল খেলেছে বলে সমালোচনা করতে পারেন। ম্যাচের ৮০ শতাংশ সময় পুরো ৯ জনকে ডিফেন্সে দাঁড় করিয়ে রেখে কেবল ডিয়েগো মিলিতোকে ওপরে রেখেছিলেন মরিনহো। পরে মিলিতোও রক্ষণে মনোনিবেশ করেছেন। পরিস্থিতি এমনই ছিল, ২১ জন খেলোয়াড়ই ছিল ইন্টারের অর্ধে। এমনকি বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেসকেও মাঝেমধ্যে ‘মিডফিল্ডারের’ ভূমিকায় দেখা গেছে।ইন্টার এমন খেলবে সেটি আগাম আন্দাজ করে নেওয়ার জন্য ফুটবল-পণ্ডিত হওয়ার দরকার ছিল না। সে অনুযায়ীই কৌশল সাজানো উচিত ছিল পেপ গার্দিওলার। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় বার্সা কোচ জানালেন, ‘ইন্টার যেভাবে ডিফেন্ড করেছে, কোনো দল এমনটা করলে আপনার উচিত হবে মাঠে ছড়িয়ে খেলা এবং মাঝ মাঠের সুবিধা নেওয়া। কিন্তু আমরা এক খেলোয়াড়ের সঙ্গে আরেক খেলোয়াড়ের যোগসূত্রটা স্থাপন করতে পারছিলাম না। কারণ মাঝপথেই ফাউল করে আমাদের থামিয়ে নেওয়া হচ্ছিল।’গার্দিওলার পরের মন্তব্যে আরও পরিষ্কার, ইন্টারের কৌশলটাকে একদমই নেতিবাচক দৃষ্টিতে দেখছেন তিনি, ‘নয়জন খেলোয়াড় মিলে ডিফেন্ড করলে সেটার সঙ্গে পেরে ওঠা মুশকিল। এমনকি মিলিতো আর ইতোকেও (দুই স্ট্রাইকার) প্রায় ফুলব্যাক হিসেবে খেলানো হলো। তবে জেতাটাই আসল। আর সেই কৃতিত্ব ওদের দিতেই হবে।’নিজের রক্ষণাত্মক কৌশলের পক্ষে সাফাই গেয়েছেন মরিনহো, ‘বার্সেলোনা খুবই আক্রমণাত্মক একটা দল। সুসংঘবদ্ধভাবে না খেললে ওরা তো আমাদের টুর্নামেন্টের বাইরেই ছিটকে দিত।’দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপার (প্রথমবার জিতেছিলেন পোর্তোর হয়ে, ২০০৪ সালে) সামনে দাঁড়িয়ে থাকা মরিনহো বলেছেন, আবারও ওই ট্রফিটা হাতে তুলে ধরতে তিনি উন্মুখ হয়ে আছেন। বলেছেন, এটি তাঁর ক্যারিয়ারের সেরা পরাজয়।শিরোপা-স্বপ্নে বিভোর হয়ে আছে ইন্টার মিলানও। ১৯৭২ সালে সর্বশেষ ফাইনালে ওঠা দলটি শিরোপার স্বাদ পেয়েছিল আরও সাত বছর আগে, ১৯৬৫ সালে। এএফপি, রয়টার্স।