ইন্টারের নতুন কোচ স্ত্রামাচ্চিয়োনি
মাসিমো মোরাত্তি সন্তুষ্ট হলে আর কিছু লাগে না। আন্দ্রেয়া স্ত্রামাচ্চিয়োনি সেটা খুব ভালোই বুঝলেন। অস্থায়ী দায়িত্ব পালন করে শেষ পর্যন্ত স্থায়ী কোচ হিসেবেই নিয়োগ পেয়ে গেলেন ইন্টার মিলানে। ৩৬ বছর বয়সী এই কোচই আগামী মৌসুমে ইন্টারের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।গত মার্চ মাসে ইন্টারের যুব দলের কোচের দায়িত্ব পালন করতে করতেই হঠাত্ করেই মূল দলের দায়িত্ব পেয়ে যান স্ত্রামাচ্চিয়োনি। কারণ ইন্টার কর্তৃপক্ষ সে সময় বরখাস্ত করেছিল কোচ ক্লাউডিও র্যানিয়েরিকে। র্যানিয়েরির কাছ থেকে দায়িত্ব নিয়ে খুব অল্প সময়ের মধ্যে বিরাট কোনো সাফল্য এনে দিতে না পারলেও তাঁর পারফরম্যান্সেই সন্তুষ্ট ছিলেন ইন্টারের প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তি। মোরাত্তির আগ্রহেই শেষ পর্যন্ত হট সিটে বসার সুযোগটা পেয়ে গেলেন তিনি।মোরাত্তি অবশ্য পরের মৌসুমে ইন্টারের কোচ হিসেবে সদ্যই সাবেক হওয়া বার্সেলোনার কোচ পেপ গার্দিওলাকে ভেবে রেখেছিলেন। কিন্তু গার্দিওলা আগামী এক বছর অবসর জীবনযাপন করার ঘোষণা দেওয়ায় সেখান থেকে পিছিয়ে আসেন তিনি। তবে গার্দিওলার মতোই স্ত্রামাচ্চিয়োনির তারুণ্যই মারিত্তোকে তাঁর হাতে এই দায়িত্ব তুলে দিতে উত্সাহী করেছে বলে মনে হচ্ছে।আপাতত তিন বছরের জন্য স্ত্রামাচ্চিয়োনিকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইন্টার মিলানের আগে কখনোই বড় কোনো দলের কোচের দায়িত্ব পালন করেননি। ইতালীয় সিরি ‘আ’য় একসময় তিনি বোলগনার হয়ে খেলতেন। ইনজুরির অভিশাপে ফুটবলটা ছেড়ে দিতে বাধ্য হন অসময়ে। এর আগে অপর ইতালীয় ক্লাব এ এস রোমার যুবদলের দায়িত্বও ছিল তাঁর কাঁধে।সদ্যসমাপ্ত মৌসুমে সিরি ‘আ’য় ষষ্ঠ স্থান পেয়েছে ইন্টার মিলান। এই বাজে ফলাফলে তারা আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলারও অধিকার হারিয়েছে। এই মৌসুমে ইন্টারের এই বাজে ফলের জন্য অনেকেই দলে বুড়োটে খেলোয়াড়দের আধিক্যকে দুষছেন। স্ত্রামাচ্চিয়ানোর জন্য আগামী মৌসুমটি চ্যালেঞ্জ হিসেবেই দেখা দেবে বলে অনেকে মনে করছেন। ইন্টার প্রেসিডেন্ট মোরাত্তি অবশ্য মনে করেন, ইন্টারের যুবদলের খেলোয়াড়দের যেহেতু স্ত্রামাচ্চিয়োনি ভালো চেনেন, তাই চ্যালেঞ্জটি তিনি ভালোভাবেই সামলাতে পারবেন বলে তাঁর আশাবাদ। রয়টার্স।