ইন্টারের প্রথম পছন্দ ক্যাপেলো
ম্যানেজার হোসে মরিনহো যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। ইন্টার মিলানও পিছিয়ে নেই। মরিনহোর উত্তরসূরি নির্বাচনে উঠে-পড়ে লেগেছে দলটি। এ ক্ষেত্রে ইন্টারের প্রথম পছন্দ ইংল্যান্ডের কোচ ফ্যাবিও ক্যাপেলো। পরবর্তী ম্যানেজার হিসেবে ক্যাপেলো দায়িত্ব পেতে পারেন বলে গতকাল শুক্রবার ইঙ্গিত দিয়েছেন ইন্টারের প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তি।পরবর্তী কোচ প্রশ্নে রয়টার্সকে মোরাত্তি বলছেন, ‘আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। এ পদে অন্যতম প্রার্থী ইংল্যান্ডের কোচ ফ্যাবিও ক্যাপেলো। অবশ্যই ম্যানেজার হিসেবে তাঁর তুলনা হয় না।’ বার্সেলোনার ম্যানেজার পেপ গার্দিওলাও পছন্দের তালিকায় রয়েছেন মোরাত্তির। তবে ইন্টারের প্রেসিডেন্ট স্বীকার করছেন, গার্দিওলাকে স্প্যানিশ চ্যাম্পিয়নদের কাছ থেকে কিনে আনা প্রায় অসম্ভব।ক্যাপেলো কিছুদিন আগে জানিয়েছিলেন, আর কোনো জাতীয় দলের দায়িত্ব নেবেন না তিনি। ইংল্যান্ডের দায়িত্বই তাঁর শেষ দায়িত্ব। ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে কাজ করার কথা জানিয়েছিলেন তিনি। এ পরিস্থিতিতে ক্যাপেলোকে ইন্টার দলে আনতে পারবে কি না প্রশ্ন থেকেই যায়। পছন্দের তালিকায় শীর্ষে থাকলেও ক্যাপেলোর সঙ্গে এ নিয়ে সরাসরি কথা হয়েছে কি না, তা প্রকাশ করতে অস্বীকার করেন ইন্টারের প্রেসিডেন্ট।