ইন্টারের সামনে সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমটা কী দুর্দান্তই না কেটেছে ইন্টার মিলানের! ট্রেবলজয়ী সেই ইন্টারকে এবার খুঁজেই পাওয়া যাচ্ছে না। লিগে ১৫ ম্যাচ শেষে শীর্ষে থাকা এসি মিলানের চেয়ে তারা ১০ পয়েন্টে পিছিয়ে। তবে লিগের এই দুর্দশা ঘোচানোর দারুণ একটা সুযোগ রাফায়েল বেনিতেজের দলের সামনে। আবুধাবিতে আজ থেকে শুরু ফিফা ক্লাব বিশ্বকাপে ফেবারিট মানা হচ্ছে ইন্টারকেই।উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী ইন্টার ছাড়াও মহাদেশীয় চ্যাম্পিয়নদের এই টুর্নামেন্টে আছে দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকা, কনক্যাকাফ চ্যাম্পিয়ন ব্রাজিলের ইন্টারন্যাশিওনাল, দক্ষিণ কোরিয়ার সিয়ংগাম ইলওয়া, কঙ্গোর টট পুইসান্ট মাজেম্বে ও মেক্সিকোর পাচুকা। আছে ওশেনিয়ার চ্যাম্পিয়ন পাপুয়া নিউগিনির হেকারি ইউনাইটেডও। তবে টুর্নামেন্টের মূল পর্বে খেলার জন্য তাদের প্লে-অফ খেলতে হবে স্বাগতিক দেশের চ্যাম্পিয়ন আল-ওহদার সঙ্গে।এই টুর্নামেন্টে সাধারণত ইউরোপ আর দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের মধ্যেই শিরোপার লড়াইটা হয়। ইন্টারের বড় প্রতিপক্ষ তাই ২০০৬ সালে বার্সেলোনাকে হারিয়ে শিরোপাজয়ী ইন্টারন্যাশিওনাল। তবে টুর্নামেন্টের অন্য পাঁচ দলের মধ্য থেকে দুই সেমিফাইনালিস্ট চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাঠে নামবে না দুই ইন্টার। আজকের প্লে-অফের বিজয়ী ১১ ডিসেম্বর কোয়ার্টার ফাইনাল খেলবে ইলওয়ার সঙ্গে। ১০ ডিসেম্বর প্রথম কোয়ার্টার ফাইনালে খেলবে মাজেম্বে-পাচুকা। এই ম্যাচের বিজয়ীর সঙ্গে ১৪ ডিসেম্বর প্রথম সেমিফাইনাল ইন্টারন্যাশিওনালের। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে ইন্টার মিলান খেলবে প্রথম কোয়ার্টার ফাইনাল-জয়ীর সঙ্গে। ১৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল।ইন্টার অবশ্য পুরো শক্তির দল নিয়ে যেতে পারেনি। তারকা গোলরক্ষক ব্রাজিলিয়ান হুলিও সিজার, আরেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাইকন ও আর্জেন্টিনার ডিয়েগো মিলিতোর মতো নির্ভরতা নেই ইনজুরির কারণে। তার পরও ‘আমরা ভালো দল, আবুধাবিতে সেরা খেলাটাই খেলতে চাই’ বলে শিরোপা স্বপ্নের কথা জানিয়ে দিয়েছে ইন্টার।ইন্টারের চিন্তা যখন শিরোপা জয়, তখন অন্য দলের খেলোয়াড়েরা রোমাঞ্চিত ইউরোপ-সেরাদের বিপক্ষে খেলার সুযোগ হবে বলে। যেমনটা বলছেন সিয়ংগাম ইলওয়ার অধিনায়ক অস্ট্রেলিয়ার সাসা ওগনেনোভস্কি, ‘টুর্নামেন্টের কোনো একপর্যায়ে আমরা ইন্টারের মুখোমুখি হব বলে আশা রাখি। একজন খেলোয়াড় হিসেবে সব সময় আপনি চাইবেন ইউরোপ-সেরা দলের সঙ্গে খেলে নিজের মানটা যাচাই করে নিতে।’টুর্নামেন্টের ‘আন্ডারডগ’ হেকারির স্ট্রাইকার কেমা জ্যাকের কাছে ইন্টারের মতো দলের সঙ্গে টুর্নামেন্ট খেলতে পারাটা স্বপ্নের মতোই ব্যাপার। ‘আমাদের অনেক গ্রামেই ইন্টারনেট, সংবাদপত্র, টেলিভিশন নেই। যেখানে বড় হয়েছি আমি, সেই কোপারোকোর গ্রামবাসীর মতো আমিও মনে করি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছি আমরা।’ ওয়েবসাইট।