ইন্টারের হাতে চেলসি-বিদায়
কার্লো আনচেলত্তি এমনই। ডাগ-আউটে চুপচাপ থাকেন। কিন্তু হোসে মরিনহো? ডাগ-আউটে ছটফট করাটাই তাঁর অভ্যাস! তবে পরশু স্টামফোর্ড ব্রিজের অতিথি দলের ডাগ-আউটে এমন শান্তভাবে বসে থাকলেন যে, মরিনহোকে অচেনা লাগছিল। হয়তো পুরোনো ক্লাবের প্রতি আবেগ থেকেই। তবে আবেগটা ছিল ওই পর্যন্তই। সাবেক ক্লাব চেলসিকে পেছনে ফেলে শেষ আটে ওঠার লড়াইয়ের পরিকল্পনা সাজাতে একটুও বুক কাঁপেনি ইন্টার মিলান কোচের। স্যামুয়েল ইতোর একমাত্র গোলে নিজেদের মাঠে চেলসি যে হারল, সেটা মরিনহোর দুর্দান্ত কৌশলের কাছেই। এই হার চেলসিকে ছিটকে ফেলল চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকে।চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে পরশু রাতটি আসলে স্বাগতিক দলের জন্য ছিল অপয়া। ঘরের দর্শকের সামনে হেরে গেছে সেভিয়া। সিএসকেএ মস্কোর কাছে তাদের পরাজয়টি ১-২ গোলের। দুদলের প্রথম লেগটা ড্র ছিল ১-১ গোলে।আবেগ কখনোই পেশাদারির ওপরে নয়, চেলসি-ইন্টার ম্যাচের আগে মরিনহো মনে করিয়ে দিয়েছিলেন এটাই। ম্যাচ-পূর্ববতী সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘ম্যাচ শুরুর আগে আমি সবাইকে চিনি, ম্যাচ শেষের পরেও তাই। তবে ম্যাচের ৯০ মিনিট আমি কাউকে চিনি না।’ মরিনহো তা চেনেন আর না-ই চেনেন, ম্যাচের শুরুতে কিন্তু স্টামফোর্ড ব্রিজে চেলসি কেমন ভয়ংকর হয়ে উঠতে পারে সেটা বুঝিয়ে দেওয়ার ভালোই চেষ্টা করেছিল চেলসি। তবে ডাগ-আউটে ‘অচেনা’ মরিনহোর চেনা কৌশলের কাছে শেষ পর্যন্ত আর কুলিয়ে উঠতে পারেননি দিদিয়ের দ্রগবা, ফ্রাঙ্ক ল্যাম্পার্ডরা।কখনো লুসিও, কখনো হাভিয়ের জানেত্তি—ইন্টারের গোছানো রক্ষণের কাছে বারবার আটকে গেছে দ্রগবা-আনেলকাদের সব আক্রমণ। কখনো তাঁরা রক্ষণদেয়াল ভাঙতে পারলেও তখন বাধা হয়ে দাঁড়িয়েছেন গোলরক্ষক হুলিও সিজার। চেলসির আক্রমণ সামলে গোটাকয়েক প্রতি-আক্রমণও করেছে ইন্টার। তবে ইতো-ক্যাম্বিয়াসো-স্নাইডারদের সেই আক্রমণ ব্যর্থ হয়েছে টেরি-ওবি মিকেল-ঝিরকভদের রক্ষণদেয়ালের দৃঢ়তায়। প্রথমার্ধটা তাই নিষ্ফলাই কাটে। প্রথম লেগে ১-২ গোলে পিছিয়ে থাকায় গোল পেতেই হতো চেলসিকে। দ্বিতীয়ার্ধে তাই আরও আক্রমণাত্মক এবং উন্মুক্ত খেলার চেষ্টা করে চেলসি। চেলসির সেই উন্মুক্ত খেলার সুযোগ নিয়েই পাল্টা আক্রমণ থেকে গোল করে ইন্টারকে এগিয়ে দেন ইতো। চেলসির একটি আক্রমণ রুখে দেন ইন্টারের ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুসিও। তিনি বল দেন মাঝবৃত্তের কাছে দাঁড়িয়ে থাকা স্নাইডারকে। দারুণ এক লম্বা পাসে স্নাইডার বল দেন বাঁ প্রান্তে দাঁড়িয়ে থাকা ইতোকে। গতিতে দুজন ডিফেন্ডারকে পেছনে ফেলে বল জালে ঠেলে দেন ক্যামেরুনিয়ান স্ট্রাইকার।গোল উদ্যাপন করতে বেঞ্চ থেকে লাফ দিয়ে ওঠেন মরিনহো। সঙ্গে সঙ্গেই আবার আবেগটা সংবরণ করেন। হয়তো ম্যাচের আগে পাওয়া দর্শক অভিনন্দনের দেনাটা শোধ করলেন উন্মত্ত গোল উদ্যাপন না করে! কিন্তু চেলসির ওপর প্রতিশোধ নেওয়ার যে ছোট একটা বাসনা তাঁর ছিল সংবাদ সম্মেলনে এসে সেটা না প্রকাশ করে পারেননি। ‘আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। স্টামফোর্ড ব্রিজে চেলসিকে হারিয়ে এসেছি’—বলেছেন দায়িত্ব নেওয়ার ৩ বছর পর ২০০৭ সালে চেলসি ছেড়ে যাওয়া মরিনহো। চেলসির রাতটা আরও অন্ধকার করে দিয়ে খেলা শেষের খানিক আগে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন দ্রগবা। সেভিয়া আর সিএসকেএ ম্যাচটা দুদলের জন্যই ছিল একটি ইতিহাস গড়ার উপলক্ষ। প্রথম কোয়ার্টার ফাইনালে ওঠার। সেভিয়া গোলরক্ষক আন্দ্রে পালপের দুটি ভুলে সেই ইতিহাস গড়ল সিএসকেএ মস্কো। ৩৯ মিনিটে টমাস নেসিডের শটটি যেমন হাত ফসকেছেন পালপ, তেমনি জাপানি স্ট্রাইকার কেইসুকে হোন্ডার ফ্রি-কিকও হাতে লাগিয়েও গোল খেয়েছেন ৫৫ মিনিটে। মাঝে ৪১ মিনিটে ডিয়েগো পেরোত্তি গোল করে কিন্তু স্বপ্ন ধরে রেখেছিলেন সেভিয়ার। এএফপি, ওয়েবসাইট।এক নজরেচেলসি ০: ১ ইন্টার মিলান(দুই লেগ মিলিয়ে ৩-১-এ জিতে শেষ আটে ইন্টার)সেভিয়া ১: ২ সিএসকেএ মস্কো(দুই লেগ মিলিয়ে ৩-২-এ জিতে শেষ আটে সিএসকেএ মস্কো) স্বাগতিক দল প্রথমে