ইন্টারের হার, সুপার কাপ অ্যাথলেটিকোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টার মিলানের নতুন ম্যানেজার রাফায়েল বেনিতেজকে স্বস্তি থাকতে দিল না অ্যাথলেটিকো মাদ্রিদ। গতকাল শুক্রবার চ্যাম্পিয়নস লিগ জয়ী ইন্টারকে ২-০ গোলে হারিয়ে ইউরোপিয়ান সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে অ্যাথলেটিকো।ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের গোলের জন্য মরিয়া ছিল দুই দলই। কিন্তু এ লড়াইয়ে হার মানেন ইন্টারের ফুটবলাররা। ৬২ মিনিটের মাথায় গোল পেয়ে যান অ্যাথলেটিকোর অ্যান্টোনিও রেইস। ৮৩ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও অ্যাগুয়েরো।সুপার কাপে হারকে কীভাবে মূল্যায়ন করছেন নতুন ইন্টার কোচ? বেনিতেজের মূল্যায়ন, দুর্বল প্রস্তুতির কারণেই হার মানতে হয়েছে ফুটবলারদের। নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে ম্যাচ শেষে ইন্টারের এই কোচ বলেন, ‘আমাদের দলের জন্য ম্যাচটি কঠিন ছিল। আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল না।’ নিজেদের হাতে নিয়ন্ত্রণ না থাকার ব্যাখ্যাটাও দিয়েছেন বেনিতেজ, ‘এ ম্যাচে অ্যাথলেটিকোর ফুটবলারদের যথেষ্ট প্রস্তুতি ছিল। শারীরিকভাবে বেশ শক্তিশালী ছিল তারা। কিন্তু নিজেদের প্রস্তুত করতে বেশি সময় পাইনি আমরা।’বেনিতেজের বিরুদ্ধে অভিযোগ, ইন্টারের দায়িত্ব নিয়ে ফুটবলারদের কৌশলে অনেক বেশি পরিবর্তন এনেছেন তিনি। যার পরিণতি, ফুটবলারদের খারাপ পারফরমেন্স। তবে এ অভিযোগ অস্বীকার করে বেনিতেজ বলেন, ‘আমাদের খুব একটা পরিবর্তন হয়নি। সাবেক ম্যানেজার হোসে মরিনহোর মতো করেই এ ম্যাচে খেলেছি আমরা। রোমার বিপক্ষে জয় পাওয়ার ম্যাচে যেভাবে খেলেছি, এ ম্যাচেও তার কোনো পরিবর্তন আসেনি। সমস্যা হলো, সময়ের অভাবে আমাদের প্রস্তুতিতে ঘাটতি ছিল।’—রয়টার্স