ইন্টারেরও সান সিরো জয়
অবশেষে সান সিরো জয় করল ইন্টার মিলানও। নিজেদের মাঠ জয় করার আবার কী আছে! আছে, নতুন মৌসুমটি সান সিরোর দুই দলের কাছে যেন হয়ে উঠেছিল বিভীষিকা। এসি মিলানের মতো ইন্টার মিলানও হেরে বসে ঘরের মাঠের প্রথম দুই ম্যাচ। দুই ম্যাচ হারের পর অবশেষে গত বুধবার ক্যালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে সান সিরোতে প্রথম জয়োৎসব করেছে মিলান। চিরপ্রতিদ্বন্দ্বীদের অনুসরণ করে পরশু সেখানে জয়খরা কাটালো ইন্টার মিলানও। ফিওরেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা।ডিয়েগো মিলিতো ও আন্তোনিও কাসানোর গোলে পাওয়া এই জয় পয়েন্ট তালিকার তিনে তুলে এনেছে ইন্টারকে। ৬ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সেইনাকে ২-১ গোলে হারানো লাৎসিওর পয়েন্টও ১২। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় লাৎসিও পাঁচে। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট তাদের চেয়ে চার বেশি। পরশু এডিনসন কাভানির পেনাল্টি গোলে সাম্পদোরিয়ার মাঠ থেকে ১-০ গোলে জিতে ফিরেছে নাপোলি। জুভেন্টাসের পয়েন্টও নাপোলির সমান ১৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে জুভরা। শিয়েভোর বিপক্ষে পালের্মোর ৪-১ গোলের জয়ে ফ্যাব্রিজিও মিক্কোলি করেছেন হ্যাটট্রিক। এএফপি, রয়টার্স।