ইন্ডিয়া টিভিকেও ডাকতে পারে তদন্ত কমিটি
আম্পায়ারদের বিরুদ্ধে শুধু অভিযোগ করেই দায়িত্ব শেষ করতে পারছে না ইন্ডিয়া টিভি। বিসিবির তদন্তে সাহায্য করার জন্য ভারতীয় এই টেলিভিশন চ্যানেলের সংশ্লিষ্ট সাংবাদিককে ঢাকায় তলব করা হতে পারে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।গত সপ্তাহে প্রচারিত ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, বাংলাদেশের নাদির শাহ এবং শ্রীলঙ্কা ও পাকিস্তানের আরও পাঁচ আম্পায়ার গোপন ক্যামেরার সামনে অর্থের বিনিময়ে ম্যাচ পাতাতে রাজি হয়েছেন। এরপর গত পরশু শৃঙ্খলা কমিটির প্রধান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। কমিটির অন্য দুই সদস্য হলেন আম্পায়ার্স কমিটির প্রধান মাহমুদ জামাল ও দুর্নীতি দমন এবং নিরাপত্তা বিভাগের প্রধান কর্নেল (অব.) এ টি এম মেসবাহউদ্দিন সেরনিয়াবাত।আজই প্রথম সভায় বসার কথা তদন্ত কমিটির। কমিটির প্রধান জানিয়েছেন, আজ মূলত তদন্তের প্রক্রিয়া ঠিক করতেই বসবেন তাঁরা। ‘অভিযোগ, অভিযোগের পক্ষে প্রমাণাদি, আইসিসি থেকে যে ভিডিও ফুটেজ পাওয়ার কথা, সেটিসহ যা কিছু আছে, সব নিয়ে আলোচনা করব। কী প্রক্রিয়ায় তদন্ত হবে, কাদের সঙ্গে কথা বলতে হবে, সেসব ঠিক হবে প্রথম সভায়। তবে এটা সাধারণ তদন্ত নয়। এখানে আইসিসির কিছু নির্দেশনা আছে। সেগুলো অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করা হবে।’ বলেছেন আলমগীর। সঙ্গে যোগ করেছেন, ‘প্রয়োজনে অভিযোগকারী টেলিভিশনের লোকজন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকের সঙ্গেও কথা বলা হবে। তাঁদের হাতে আর কোনো প্রমাণ থাকলে সেটা চাওয়া হবে এবং দরকার পড়লে ওই সাংবাদিককেও ঢাকায় আনা হবে কথা বলার জন্য।’ কিন্তু বিসিবির তদন্ত কমিটি ডাকলেই কি ঢাকায় উড়ে আসবেন ইন্ডিয়া টিভির সাংবাদিক? না এলে তদন্তকাজে ভারতীয় টেলিভিশন চ্যানেলটি সাহায্য করেনি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ থাকবে বলে জানিয়েছেন কমিটির প্রধান। এ ছাড়া ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বাংলাদেশের আর যাঁর যাঁর নাম এসেছে, তাঁদের সবার সঙ্গেই কথা বলতে চাইতে পারে কমিটি।বিসিবির তদন্ত কমিটি মূলত দুটি জিনিস খুঁজে দেখবে বলে জানিয়েছেন আলমগীর। নাদির শাহর বিরুদ্ধে ওঠা অভিযোগ কতখানি সত্য? দ্বিতীয়ত, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না। কমিটির প্রধানের ভাষায়, ‘নাদির শাহর অপরাধ থাকলে তাঁকে আইসিসির বিধান অনুযায়ীই শাস্তি পেতে হবে। আমরা এটাও খতিয়ে দেখব যে এর পেছনে আর কোনো উদ্দেশ্য আছে কি না। থাকলে পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সেটাও আইসিসির গোচরে আনা হবে।’ নাদির শাহর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে আইসিসির আচরণবিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হতে পারে আজীবন বহিষ্কার—আলমগীর জানিয়েছেন এমনটাই।বেশ কিছুদিন ভারতে কাটিয়ে নাদির শাহ বর্তমানে ঢাকায়। অভিযোগ ওঠার পর তাঁর সঙ্গে বিসিবির এখনো আনুষ্ঠানিক যোগাযোগ না হলেও ‘একটা পর্যায়ে’ যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন আলমগীর।