ইন্ডিয়ান পয়সা লিগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ক্রিকেটের অনেক তারকাই সংবাদমাধ্যমের মুখোমুখি হলেই আইসিসির আন্তর্জাতিক সূচি নিয়ে নিজেদের বিরক্তির কথা প্রকাশ করেন। বার বারই বলেন, এক কঠিন সূচি তাঁদের ব্যক্তিজীবনকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে। অথচ বিশ্বকাপ ক্রিকেট শেষ হওয়ার মাত্র সাত দিনেরও কম সময়ের ব্যবধানে যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের আসর শুরু হলো তখন, কিন্তু তাঁদের সেই বিরক্তি হাওয়া। তখন আর কোনো ক্লান্তিও নেই, পরিবার-ব্যক্তিজীবনের কথাও মনে নেই। আইপিএলে খেলতে পারার উদগ্র বাসনা তখন ঠিকরে বেরোয় খেলোয়াড়দের চোখে-মুখে। ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিতে এর আনন্দ-সুধাও ঠিকমতো উপভোগও করতে পারেননি, তাঁদের নেমে যেতে হয়েছে ব্যাট-বল হাতে আইপিএলের মাঠে। ৭৪ ম্যাচের আইপিএলও তাঁদের কাছে ক্লান্তিকর মনে হচ্ছে না। কারণটা খুবই স্পষ্ট। টাকা, কাড়ি কাড়ি টাকা। এ আসরে খেলে তাঁরা যে আয় করছেন, অনেক খেলোয়াড় হয়তো সারাটা জীবন জাতীয় দলের হয়ে টেস্ট ও ওয়ানডে খেললেও তার কিয়দংশও রোজগার করতে পারতেন না। আইপিএল তাই তাঁদের কাছে এত প্রার্থিত, এত কাম্য। হয়তো, কোনো কোনো ক্ষেত্রে হয়তো নিজ দেশের পতাকার সম্মানের জন্য খেলার চেয়েও এই আসর তাঁদের কাছে আকাঙ্ক্ষিত। এ আকাঙ্ক্ষার কারণ-তাঁরা সবাই অর্থের কাছে পরাজিত। আইপিএলে বিনিয়োগ করেছেন ভারতের সব বড় ব্যবসায়ীরা। বিনিয়োগ করেছেন শাহরুখ খান, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, জুহি চাওলার মতো বলিউডের তারকারা। ভারতের তাবত্ করপোরেট প্রতিষ্ঠানের অনিবার্য গন্তব্য এখন টি-টোয়েন্টি ফরম্যাটের এই ঘরোয়া আসর। অনেকের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক, এ আসরে কোটি কোটি ডলার বিনিয়োগ করে শাহরুখ, প্রীতি, শিল্পা কিংবা আম্বানি, মালিয়া, সুব্রত রায়দের লাভ কী? উত্তর হচ্ছে, লাভের গুড়ের সন্ধান যদি তাঁরা না পেতেন, তাহলে এঁদের মতো লোকজন কি নিজেদের গাঁটের পয়সা খরচ করে এখানে বিনিয়োগ করতেন!ভারতের বিখ্যাত সাময়িকী ইন্ডিয়া টুডে তাদের সাম্প্রতিক সংখ্যায় আইপিএলের নামকরণ করেছে, ‘ইন্ডিয়ান পয়সা লিগ’। নামটা একটু বাঁকা শোনালেও সময়ের বিচারে এর চেয়ে বোধ হয় সঠিক নামকরণ আর হতে পারত না। এ আসর আসলেই পয়সার। ক্রিকেট খেলাটা এখানে একেবারেই গৌণ বিষয়। লাভ-লোকসান তো হিসাব হয় মাঠের বাইরে। নয় তো গত তিনটি আসরে ব্যর্থ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স প্রতিবারই কীভাবে কোটি টাকার ওপর লাভের মুখ দেখে? সরল দৃষ্টিতে বিচার করলে এ সত্যিই অসম্ভব এক ব্যাপার। কিন্তু আসল ব্যাপার হচ্ছে, ভারতের বিশাল বাজারের হিসাবে আইপিএলে অংশ নেওয়া প্রতিটি দলই বিভিন্ন সূত্র থেকে অর্থ সংগ্রহ করে। প্রতিটি দলেরই দশের অধিক প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা রয়েছে। শাহরুখ খান, প্রীতি জিনতা, শিল্পারা যে নিজেদের দলকে গ্যালারিতে উপস্থিত থেকে উত্সাহিত করেন, এটা কি কেবলই দলের জন্য টান? অবশ্যই নয়। এর আড়ালে রয়েছে, স্পন্সরদের উত্সাহিত করে টু-পাইস কামিয়ে নেওয়ার একটি বাণিজ্যিক উদ্দেশ্য তো আছেই। আর এ উদ্দেশ্য হাসিলে তাঁরা সবাই পুরোপুরি সফল।নানা কারণে এবারের আসরে রাজস্থান রয়েলস ও কিংস ইলেভেন পাঞ্জাবের খেলা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা ছিল। যেভাবেই হোক তারা এবার খেলছে এবং অনিশ্চয়তা সত্ত্বেও তারা যথেষ্ট স্পন্সরই ঝুলিতে পুরেছে। এর কারণ অনেক। ভারতের বিশ্বকাপ সাফল্য ক্রিকেটের প্রতি পৃষ্ঠপোষকদের হাত অনেক উদার করে দিয়েছে। ক্রিকেটের গন্ধ থাকলেই তাঁরা অর্থের থলি নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন। আর এ সুযোগ আইপিএলের দলগুলো ভালোভাবেই নিচ্ছে। এবার আইপিএলে ম্যাচও হচ্ছে অন্যবারের চেয়ে বেশি। যত বেশি ম্যাচ তত বেশি অর্থ। টেলিভিশন সম্প্রচারের টিআরপি রেটও বেশি। সব মিলিয়ে স্পন্সররা কেন এ আসরের প্রতি আকৃষ্ট হবেন না। কারণ, বিনিময়ের এ ব্যবসায় তাঁদের লাভের অঙ্কটাও যে নেহাতই খারাপ নয়। নিজেদের পণ্যের প্রসার ও প্রচারের এর চেয়ে ভালো ক্ষেত্র আর কি হতে পারে।বিশ্বকাপ ক্রিকেট সম্প্রচার করে ইএসপিএন-স্টার কর্তৃপক্ষের ব্যাংক অ্যাকাউন্ট বেশ ফুলে-ফেঁপে উঠেছে। সব খরচ বাদ দিয়ে তাদের লাভই হয়েছে ৯৪০ কোটি রুপি। মোহালিতে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হওয়ার আগে তারা প্রতি ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন স্লটে আয় করেছিল ১৪ থেকে ১৫ লাখ রুপি। আইপিএল সম্প্রচার করা সনি-সেট ম্যাক্স কর্তৃপক্ষও এ সুযোগে বিজ্ঞাপনের রেট বাড়িয়ে দিয়েছে বহুগুণ। প্রতি ১০ সেকেন্ডের একটি স্লট তারা বিক্রি করছে সাড়ে আট লাখ রুপিতে। এখনো নাকি ২০ শতাংশ জায়গা তারা বিক্রির জন্য বাজারেই তোলেনি। ওটা তুললে প্রতি ১০ সেকেন্ডে সেট-ম্যাক্সকে বিজ্ঞাপনদাতাদের দিতে হবে ১১ থেকে ১২ লাখ রুপি। একটি ঘরোয়া আসরে টেলিভিশন স্বত্ব থেকে যে এমন আয় হতে পারে—তা একসময় সবার কল্পনাতীত ছিল। আইপিএল সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে।আইপিএল ক্রিকেট-বিনোদন-সেলিব্রেটির এক ককটেল। এতে মাঠে খেলোয়াড়েরা ক্রিকেট খেলবেন। সেলিব্রেটিরা গ্যালারিতে বসে তাঁদের উত্সাহিত করবেন। আর নেচে-গেয়ে দর্শকদের চাঙা রাখবেন চিয়ার্স গার্লরা। ব্যাপারটি এ রকমই। আইপিএলে স্পনসরকে জায়গা করে দিতে ‘স্ট্র্যাটেজিক টাইম আউট’ নামের এক অদ্ভুত বিষয়ের প্রচলন করা হয়েছে—যা ক্রিকেটামোদীরা কখনোই দেখেননি। স্ট্র্যাটেজিক টাইম আউটের অর্থ হলো কিছু সময়ের জন্য খেলা বন্ধ রেখে, ম্যাচের স্ট্র্যাটেজি ঠিক করা। আসল ব্যাপারটি ফাঁস করে দিয়েছে ইন্ডিয়া টুডে। তারা বলছে, এ সময়টুকুর জন্য ম্যাক্স মোবাইল নামের একটি প্রতিষ্ঠান আইপিএল কর্তৃপক্ষকে দিচ্ছে এক মৌসুমের জন্য ২০ কোটি রুপি। ওই সময় দর্শকদের ম্যাক্স মোবাইলের বিজ্ঞাপন দেখতে হচ্ছে।আগের তিনটি আসরে আটটি দল ছিল আইপিএলের। এবার নতুন দুটি দল যুক্ত হয়েছে। পুনে ওয়ারিয়র্স ও কোচি টাস্কার্স নামের এ দুটি দলের দাম যথাক্রমে ৩৭ কোটি ৩০ লাখ ও ৩৩ কোটি ৩০ লাখ রুপি। ২০০৭ সালে মুম্বাই ইন্ডিয়ানস দলটি রিলায়েন্স গ্রুপ ও তার সহযোগীরা কিনেছিল মাত্র ১১ কোটি ১০ লাখ রুপিতে। পুনে ওয়ারিয়র্সের মালিক সাহারা গ্রুপের সুব্রত রায়। সেই সুব্রত, যাঁর সাহারা গত নয় বছর ধরেই ভারতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হিসেবে শত শত কোটি রুপি খরচ করছে। হঠাত্ চতুর্থ আসরে এসে আইপিএলে দল কেনার একমাত্র কারণ, একজন অভিজ্ঞ ব্যবসায়ী হিসেবে তিনি জেনেছেন, বুঝেছেন, এ আসরে দল কিনলে, সেই দল যে ফলই করুক, লোকসানের কোনো ভয় নেই। কারণ, পুরোনো দলগুলো ইতিমধ্যেই বিনিয়োগের তিনগুণ অর্থ লাভ হিসাবে তুলে নিয়েছেন আইপিএলের তিনটি আসর থেকে।আইপিএল তাই এখন ভারতীয় ক্রিকেটে ‘মানি মেকিং মেশিন’। বড় অর্থনীতি হিসেবে ভারতের এই মানি মেকিং মেশিনের গ্রাসে এখন বলতে গেলে পুরো ক্রিকেট বিশ্বই। অচিরেই ইন্ডিয়ান পয়সা লিগ থেকে বেরিয়ে আসার পথ বোধহয় কারও সামনে খোলা নেই।