ইন্তিখাবের কাঠগড়ায় ক্রিকেটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই সেদিনই ‘জিয়ো স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক বললেন, বিতর্কজর্জরিত পাকিস্তান দলে খেলা কতটা মানসিক যন্ত্রণা। এবার ‘জিয়ো সুপার’কে দেওয়া সাক্ষাৎকারে দলের ম্যানেজার ইন্তিখাব আলম জানালেন, পাকিস্তানের ক্রিকেটারদের ‘ম্যানেজ’ করাও কম যন্ত্রণা নয়! অনেকেই নাকি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার চেষ্টা করে, অনেকে আবার গোপন বৈঠকের সবকিছু মিডিয়ায় ফাঁস করে দেয় বৈঠক থেকে বেরিয়েই!এর আগেও কয়েক দফায় কোচ ছিলেন। গত বছর তিনেক টানা দলের সঙ্গে আছেন প্রথমে কোচ ও পরে ম্যানেজার হিসেবে। এ সময় কিছু ক্রিকেটারের আচরণ রীতিমতো বিস্মিত করেছে ইন্তিখাবকে, ‘সবচেয়ে বড় যে সমস্যার মুখোমুখি হয়েছি, কিছু ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার চেষ্টা করে। সবারই জানা থাকা উচিত দলে তাঁর ভূমিকা কী। কিছু ক্রিকেটার আবার টিম মিটিংয়ের খবরগুলো মিডিয়ার কাছে ফাঁস করে দেয়। অনেক সময় মিটিং শেষ হওয়ার ১৫ মিনিট পরই সভার সব খবর পাওয়া যায় টেলিভিশনে। এতে অনেক সময়ই দলে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। এই ব্যাপারগুলো দলের অনেক ক্ষতি করছে।’সাবেক অধিনায়কের ধারণা, ক্রিকেটারদের শিক্ষার দৈন্য এ জন্য অনেকাংশে দায়ী। পিসিবি প্রধান ইজাজ বাটকে নিয়ে অনেকের প্রশ্ন থাকলেও ইন্তিখাব কিন্তু সন্তুষ্ট, ‘বোর্ড চেয়ারম্যান কখনো আমার কাজে হস্তক্ষেপ করেননি। আর আমি ‘‘ইয়েস ম্যান’’ নই।’ অনেকের ধারণা, শোয়েব মালিক, ইউনুস খান, শহীদ আফ্রিদির অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পেছনে বড় ভূমিকা আছে ম্যানেজারের প্রতিবেদনের। ইন্তিখাব মুখ খুলেছেন এসব নিয়েও, ‘আফ্রিদি হাইপারঅ্যাকটিভ, ধৈর্যহীন ও টেম্পারামেন্টাল, অন্যের প্ররোচনায় কাজ করে পরে বুঝতে পারে কী করেছে। ওর সঙ্গে আমার ব্যক্তিগত সমস্যা নেই, এমনিতে মানুষ হিসেবে ও ভালো। সত্যি বলতে, ক্রিকেটার ও অধিনায়কদের নিয়ে রিপোর্টে আমি যা লিখেছি সবই বাস্তব এবং সত্য।’ ওয়েবসাইট।