ইন্তেখাবকে ‘ভণ্ড’ বললেন আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াকার ইউনুসকে দ্রুত দেশে ফিরতে বলা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যখন ওয়েস্ট ইন্ডিজ সফরের ওপর দেওয়া ম্যানেজার ইন্তেখাব আলমের প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে, তখন ইন্তেখাবকে ‘ভণ্ড’ আখ্যায়িত করলেন শহীদ আফ্রিদি।‘আমি জানি না, ইন্তেখাবের প্রতিবেদনে কী লেখা আছে। কিন্তু ওয়াকারকে নিয়ে তিনি আমাকে যেসব কথা বলেছেন, সেসবে তাঁর সততা থাকা উচিত। তিনি আমার সঙ্গে কথা বলে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে একমত পোষণ করেন। কিন্তু বোর্ডের কাছে গিয়ে অন্য কথা বলেন। এটা খুবই দুঃখজনক’—আফ্রিদির বরাত দিয়ে আজ এই বক্তব্য প্রচার করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় কয়েকটা সংবাদ চ্যানেল।ইন্তেখাবের প্রতি আফ্রিদির এই ক্ষোভের কারণটা অনেকেরই জানা। ওয়েস্ট ইন্ডিজ সফরে কোচ ওয়াকারের সঙ্গে দ্বন্দ্ব, দেশে ফিরেও কোচ ও দলের ম্যানেজমেন্টের সমালোচনা। সঙ্গে ম্যানেজার ইন্তেখাবের নেতিবাচক প্রতিবেদন যোগ হওয়ায় গত ১৯ মে কোনো কারণ না দেখিয়েই আফ্রিদিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় পিসিবি। বোর্ডের আচরণে ক্ষুব্ধ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিয়েছেন আফ্রিদি।এদিকে, সব এনওসি ( নো অবজেকশন সার্টিফিকেট) পিসিবি বাতিল করে দেওয়ায় ইংলিশ কাউন্টিতে হ্যাম্পশায়ারের হয়েও খেলতে পারবেন না আফ্রিদি। পিসিবির সঙ্গে কয়েক দফা যোগাযোগের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। হ্যাম্পশায়ারের হয়ে খেলা হচ্ছে না—খবরটি ক্রিকইনফোর কাছে নিশ্চিত করেছেন আফ্রিদি নিজেও। ওয়েবসাইট।