ইন্দোনেশিয়া ওপেনে চতুর্থ সিদ্দিকুর

শুরুটা ভালোমতো না করতে পারার আক্ষেপই হয়তো থাকবে সিদ্দিকুর রহমানের। প্রথম রাউন্ডেই বেশ খানিকটা পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়াতে পারলেও শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের তারকা গলফারের। আজ ইন্দোনেশিয়ান ওপেন শেষ করেছেন চতুর্থ অবস্থান নিয়ে। পুরস্কার হিসেবে জিতেছেন বাংলাদেশি মুদ্রায় ২৯ লাখ টাকা।
প্রথম রাউন্ডে পারের সমান ৭১টি শট খেলে সিদ্দিকুর চলে গিয়েছিলেন ৪৩ নম্বরে। তবে বাকি তিনটি রাউন্ডে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড শেষ করেছিলেন পারের চেয়ে ছয় ও দুটি শট কম খেলে। আজ চতুর্থ রাউন্ডে খেলেছেন পারের চেয়ে চারটি শট কম । সব মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে চতুর্থ স্থানটি দখল করেছেন সিদ্দিকুর।
পারের চেয়ে ১৬টি শট কম খেলে ইন্দোনেশিয়ান ওপেনের শিরোপা জিতেছেন ভারতীয় গলফার গগনজিত্ ভুল্লার। পারের চেয়ে ১৩টি শট কম খেলে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছেন নিকোলাস ফাং ও চাপচাই নিরাট।