শুরু আর শেষের কী পার্থক্য! ৪৩ নম্বরে থেকে প্রথম দিন শেষ করা সিদ্দিকুর রহমান ইন্দোনেশিয়া ওপেন শেষ করেছেন চতুর্থ স্থানে নাম লিখিয়ে। প্রথম রাউন্ডটা তেমন ভালো না কাটলেও দ্বিতীয় দিন থেকেই নিজেকে চেনাতে শুরু করেছিলেন বাংলাদেশের সেরা গলফার। তৃতীয় রাউন্ডেই উঠে আসেন অষ্টম স্থানে। উন্নতির ধারাটা ধরে রেখেছেন শেষ রাউন্ডেও। কাল চতুর্থ দিনের শুরুতে প্রথম চারটি হোলেই বার্ডি করে সিদ্দিকুর এগিয়ে যান অনেকটা। পরে আরও দুটি বার্ডি করলেও করেছেন দুটি বগিও, তাই আর এগোতে পারেননি লিডারবোর্ডে। সব মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে চতুর্থ হওয়া ২৯ বছর বয়সী সিদ্দিকুর প্রাইজমানি পেয়েছেন ৩৭ হাজার ৫০০ ডলার।
সাড়ে সাত লাখ ডলারের এশিয়ান ট্যুরের টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ভারতের গগনজিৎ ভুল্লার। পারের চেয়ে ১৬ শট কম খেলা ভুল্লারের এটা এশিয়ান ট্যুরের চতুর্থ শিরোপা। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।