প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ইংলিশ প্রিমিয়ার লিগে কিউপিআরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ফুলহাম। হ্যাটট্রিক করেছেন অ্যান্ড্রু জনসন। আর হ্যাটট্রিক করেই ফুলহামের প্রথম খেলোয়াড় হিসেবে ম্যাচ বল নিয়ে বাড়ি ফিরেছেন জনসন। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর এই প্রথম লন্ডনের ক্লাবটির কেউ ম্যাচে ৩ গোল পেলেন। গত ১৯ বছরে মোট হ্যাটট্রিক হয়েছে ২৩৬টি। সবচেয়ে বেশি ৩০টি হ্যাটট্রিক করেছেন আর্সেনালের খেলোয়াড়েরা। গানারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিভারপুল ও ম্যানইউ। এই দুই দলের খেলোয়াড়েরা ২৮ বার দেখিয়েছেন এই কৃতিত্ব। ১৭ হ্যাটট্রিক নিয়ে চেলসি আছে তিনে। তবে হ্যাটট্রিক করার জন্য খেলোয়াড়দের সবচেয়ে পছন্দের প্রতিপক্ষ সাউদাম্পটন। প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে যাওয়া ক্লাবটির বিপক্ষে হ্যাটট্রিক হয়েছে ১৫টি। আর খেলোয়াড়দের মধ্যে অ্যালান শিয়ারার সর্বোচ্চ ১১ বার ম্যাচে কমপক্ষে ৩ গোল করেছেন।