ইব্রা-মানজুকিচ বিশ্বসেরা!
এই মুহূর্তে বিশ্বের সেরা স্ট্রাইকার কে? মনে মনে কি লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর কথা ভাবছেন? তা আপনি ভাবতেই পারেন, কিন্তু আর্সেন ওয়েঙ্গার বা পেপ গার্দিওলাকে জিজ্ঞেস করুন। তাঁদের কাছে অন্য রকম উত্তর পাবেন!
আগে গার্দিওলার কথাটাই শোনা যাক। বায়ার্ন মিউনিখ কোচ বেছে নিয়েছেন নিজের দলের স্ট্রাইকার মারিও মানজুকিচকে। হার্থা বার্লিনের সঙ্গে এই সপ্তাহেই জোড়া গোল করেছেন এই ক্রোট স্ট্রাইকার। এই মৌসুমে বুন্দেসলিগায় তাঁর গোলও হয়ে গেছে সাতটি। কিন্তু জার্মানিতেই ৭ গোল আছে আরও তিনজনের। ইউরোপে আরও কয়েকজন এর চেয়েও বেশি গোল পেয়ে গেছেন। তাহলে মানজুকিচ কেন? গার্দিওলার উত্তর, ‘ পেনাল্টি বক্সের ভেতরে সে হেড থেকে যেভাবে গোল করছে, তাতে মানজুকিচই এই মুহূর্তের বিশ্বের সেরা ফরোয়ার্ড।’
তুলনায় আর্সেন ওয়েঙ্গারের মত অনেকটা নিরপেক্ষ। নিজের দলের কেউ নন, আর্সেনাল কোচ বিশ্বসেরা বলছেন জ্লাতান ইব্রাহিমোভিচকে, ‘জ্লাতান কি মেসি ও রোনালদোর চেয়ে ভালো? এই মুহূর্তে অন্তত আমার সেটাই মনে হয়। ৩২ বছর বয়সে কীভাবে নিজের প্রতিভা কাজে লাগাতে হয় সেটা সে জানে।’ গত সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগে আন্ডারলেখটের সঙ্গে অবিশ্বাস্য পারফরম্যান্সে ৪ গোল করেছেন ইব্রা। ওয়েঙ্গার কি তাঁকে আর্সেনালে প্রলুব্ধ করতে চাইছেন? ওয়েবসাইট।